সানচেসের গোলে স্বস্তির ড্র আর্সেনালের
দ্বিতীয়ার্ধে দুই মিনিটের মধ্যে দুই গোল খাওয়ায় আর্সেনালের আকাশে হারের শঙ্কা উঁকি দিয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য হোয়াইট হার্ট লেন থেকে হার নিয়ে ফিরতে হয়নি। আলেক্সিস সানচেসের নৈপুণ্যে ২-২ গোলের স্বস্তির ড্র নিয়ে ফিরেছে আর্সেন ভেঙ্গারের দল।
নিজেদের মাঠের এই ড্রয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে ওঠার সুযোগ হারাল টটেনহ্যাম; ২৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। ৫২ পয়েন্ট নিয়ে তৃতীয় আর্সেনাল। এক ম্যাচ কম খেলে লিগের শীর্ষে থাকা লেস্টার সিটির পয়েন্ট ৫৭।
শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে আর্সেনাল নিজেদের ঠিকঠাক গুছিয়ে নেওয়ার আগেই বলের নিয়ন্ত্রণ নেয় টটেনহ্যাম। এগিয়ে যাওয়ার দারুণ একটা সুযোগও তৈরি করে স্বাগতিকরা; কিন্তু আর্সেনাল গোলরক্ষক দাভিদ অসপিনার দৃঢ়তায় তা হয়নি। ২৫তম মিনিটে বাঁ দিকে থেকে কাইল ওয়াকারের ক্রস এরিক লামেলার পা ছুঁয়ে গোলমুখে ছুটছিল; দারুণ প্রচেষ্টায় তা আটকে দেন অসপিনা।
এরপর একটু পরই ওয়েলব্যাকের শরীর ঘুরিয়ে নেওয়া হেড লক্ষ্যে না থাকায় প্রথমার্ধে আর ব্যবধান বাড়িয়ে নিতে পারেনি আর্সেনাল।
৫৬তম মিনিটে বড় এক ধাক্কা খায় আর্সেনাল। হ্যারি কেইনকে ফাউল করে দ্বিতীয় দফা হলুদ কার্ড দেখেন ফ্রাঁসিস ককুইলিঁ।
১০ জনের দলে পরিণত হওয়ার একটু পরই বক্সের জটলার মধ্যে কেইনের নেওয়া গতিময় শট আটকে আর্সেনালকে স্বস্তিতে রাখেন অসপিনা।
আর্সেনাল গোলরক্ষকের প্রতিরোধের দেয়াল গুঁড়িয়ে যায় ৬০তম মিনিটে। কর্নার থেকে উড়ে আসা বল লামেলা বাড়িয়েছিলেন টবি অ্যাল্ডারভিরেল্ডকে; নিখুঁত ভলিতে টটেনহ্যামকে সমতায় ফেরান বেলজিয়ামের এই ফুটবলার।
৭৬তম মিনিটে আলেক্সিস সানচেস আর্সেনালকে ম্যাচে ফেরান। হেক্তরের ডিফেন্স চেরা পাস নিয়ন্ত্রণে নিয়ে দূরের পোস্ট দিয়ে বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন চিলির এই ফরোয়ার্ড।
শেষ দিকে গোলের জন্য মরিয়া আক্রমণ করেও অসপিনার দৃঢ়তায় সফল হতে পারেনি টটেনহ্যাম। চলতি লিগে নিজেদের দশম ড্র নিয়ে মাঠ ছাড়ে মাউরিসিও পোচেত্তিনোর শিষ্যরা।
