রোনালদোর ভাবনায় এখন চ্যাম্পিয়ন্স লিগ
লা লিগা জয়ের আশা বলতে গেলে ছেড়েই দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের তারকা এই ফরোয়ার্ড এখন চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ভাবছেন।
লিগের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল। ২৭ রাউন্ড শেষে বার্সেলোনার পয়েন্ট ৬৯। আর ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৬১।
চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে ৩৫ গোল করা রোনালদো মনে করেন, লিগ শিরোপা জয়ের পথ থেকে তার দল অনেকটাই দূরে চলে গেছে। এখন চ্যাম্পিয়ন্স লিগই তার কাছে অগ্রাধিকার পাচ্ছে বলে ইঙ্গিত দেন রোনালদো।
"আমরা এখনও চ্যাম্পিয়ন্স লিগে আছি। ক্লাবের সঙ্গে যুক্ত সবাইকেই এই প্রতিযোগিতাটি প্রেরণা দেয়। বিশেষ করে, আমাদের মতো এত বেশি শিরোপা ইউরোপিয়ান কাপে আর কারও নেই।"
"তাই, সব কিছু হারিয়ে যায়নি," যোগ করেন রোনালদো।
রোমার মাঠ থেকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম পর্বে ২-০ গোলে জিতে আসে টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ ১০টি শিরোপা জেতা রিয়াল।
