'স্পটকিক'-এ উন্নতি চান বার্সা কোচ
রায়ো ভায়েকানোর বিপক্ষে বড় ব্যবধানে জিতলেও পেনাল্টি থেকে গোল না পাওয়ার বিষয়টি কিছুটা অস্বস্তিতে ফেলেছে লুইস এনরিকেকে। পেনাল্টি কিক নেওয়ায় শিষ্যদের আরও উন্নতি চান বার্সেলোনা কোচ।
লিওনেল মেসির হ্যাটট্রিকে ভায়েকানোর মাঠ থেকে গত বৃহস্পতিবার স্পেনের লা লিগার ম্যাচে ৫-১ গোলের জয় নিয়ে ফেরে বার্সেলোনা। দলের বাকি দুটি গোল করেন ইভান রাকিতিচ ও আর্দা তুরান।
৬৬তম মিনিটে সের্হিও বুসকেতসকে বক্সের মধ্যে চিলির মিডফিল্ডার মানুয়েল ইতুরা ফাউল করলে পেনাল্টি পায় বার্সেলোনা। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন লুইস সুয়ারেস।
স্পেনের লা লিগায় এই নিয়ে পাওয়া ১৩টি পেনাল্টির সাতটি থেকেই গোল করতে ব্যর্থ হলো বার্সেলোনা। আর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৮টি পেনাল্টি থেকে ৯টি গোল করেছে তারা।
ম্যাচ শেষে এনরিকে বলেন, "এই ক্ষেত্রে আমাদের আরও উন্নতি করতে হবে। তবে আমি এরই মধ্যে বলেছি, এটা নিয়ে আমার খুব বেশি দুশ্চিন্তা নেই।"
বার্সেলোনার মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তাও পেনাল্টি থেকে গোল না পাওয়ার বিষয় নিয়ে খুব বেশি মাথা ঘামাতে রাজি নন।
"পেনাল্টি থেকে গোল করতে না পারাটা অদ্ভুত এক পরিস্থিতি। সব কিছুই যখন ভালোভাবে হচ্ছে, তাই এ নিয়ে নিজেদের দুশ্চিন্তায় ফেলতে দেওয়া যাবে না।"
পেনাল্টি থেকে গোল না পেলেও দলের খেলায় সন্তুষ্ট এনরিকে। তবে শিরোপা জয়ের বিষয় নিয়ে এখনই কিছু ভাবছেন না তিনি।
"মৌসুম শেষে কী পাবো এর জন্য ধৈর্য ধরতে হবে। যা প্রাপ্য, তাই জিতব আমরা।"
