'এমএসএন'-কে নিয়ে ঝুঁকি নেবে না বার্সা
লিওনেল মেসি, লুইস সুয়ারেস আর নেইমারকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নেবেন না বলে জানিয়েছেন বার্সেলোনার কোচ লুইস এনরিকে।
মেসি, সুয়ারেস ও নেইমারের সমন্বয়ে গড়া 'এমএসএন' নামে পরিচিত বার্সেলোনার আক্রমণত্রয়ী চলতি মৌসুমে স্পেনের লা লিগায় ৫৯ গোল করেছে।
আগামী বৃহস্পতিবার কাম্প নউতে রায়ো ভায়েকানোর বিপক্ষে লা লিগার ম্যাচের আগের দিন সাংবাদিকরা এনরিকেকে প্রশ্ন করেছিল, মেসি-নেইসার-সুয়ারেসকে বিশ্রাম দেবেন কিনা।
এনরিকে বলেন, "আমি যেটা ঠিক মনে করি এর উপরেই এই তিন ফরোয়ার্ডকে বিশ্রাম দেওয়ার বিষয়টি নির্ভর করে। ... একজন কোচ হিসেবে আমাকে অবিরত সিদ্ধান্ত নিতে হয়।"
"প্রত্যেক খেলোয়াড়েরই নিজস্ব শারীরিক অবস্থা আছে। এটা আমাদের নিয়ন্ত্রণেই আছে। চিন্তা করবেন না। কারণ, আমি সব সময় দলের ভালোর জন্যই কাজ করি। আমরা ঝুঁকি নেব না," যোগ করেন এনরিকে।
ম্যাচে কাকে খেলাবেন আর কাকে খেলাবেন না, এটা নিয়ে ম্যাচের এক ঘণ্টা আগেও ভাবেন বলে জানান এনরিকে।
"অবসাদ স্বাভাবিক। তবে গত মৌসুমের মতো শিরোপা নির্ধারণ করে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ ম্যাচগুলো নিয়ে ভাবছি।"
