২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রিয় প্রতিপক্ষ' ভায়েকানোর মাঠে বার্সা

অনেক দিন ধরেই সামনে পড়া যে কোনো প্রতিপক্ষকে দুমড়েমুচড়ে দিয়ে এগিয়ে চলেছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির অদম্য এই রূপের কাছে সবচেয়ে অসহায় যেন রায়ো ভায়েকানো। স্পেনের লা লিগায় লুইস এনরিকের দল তাদের পরের ম্যাচটি খেলবে এই 'প্রিয় প্রতিপক্ষ'-এর মাঠে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 06:27 PM

Updated : 11 Oct 2022, 07:51 PM

আগামী বৃহস্পতিবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকার আনন্দ নিয়ে এই ম্যাচ খেলতে নামছে বার্সেলোনা। দারুণ ছন্দে রয়েছে 'এমএসএন' নামে পরিচিত লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও নেইমারের সমন্বয়ে গড়া দলটির আক্রমণভাগ।

চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এই তিন জন মিলে ৯৪ গোল করে ফেলেছেন। সবচেয়ে বিধ্বংসী রূপে আছেন উরুগুয়ের ফরোয়ার্ড সুয়ারেস। ৩৯ ম্যাচে ৪১ গোল গোল করেন তিনি। এর মধ্যে লিগে করেন সর্বোচ্চ ২৫ গোল। এখন পর্যন্ত সর্বোচ্চ ১১টি গোলে সহযোগিতা করা খেলোয়াড়ও তিনিই।

২৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগের ষোড়শ স্থানে থাকা ভায়েকানোর বিপক্ষে ম্যাচেও মেসি, সুয়ারেস, নেইমারদের জ্বলে ওঠার অপেক্ষায় থাকবে বার্সেলোনার সমর্থকরা। ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কাতালুনিয়ার ক্লাবটি। ২৭ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ।

ভায়েকানো ২০১১ সালে লা লিগায় ফেরার পর সবশেষ ছয় বারের মুখোমুখি লড়াইয়ের সবকটিতেই জেতে বার্সেলোনা। এই ছয় ম্যাচে ২৯ গোল করে বার্সেলোনা, বিপরীতে খেয়েছে দুটি গোল।

গত অক্টোবরে লিগের প্রথম পর্বের ম্যাচটি ঘরের মাঠে ৫-২ গোলে জেতে বার্সেলোনা। ২০১২ সালের এপ্রিলে কাম্প নউয়ের দলটির কাছে নিজেদের মাঠে ৭-০ গোলে হেরেছিল ভায়েকানো। ক্লাবটির ইতিহাসে ঘরের মাঠে লিগে এটাই সবচেয়ে বড় হার।

তবে বার্সেলোনার বিপক্ষে হারার আগেই হারতে চান না ভায়েকানোর স্ট্রাইকার মানুচো। এনরিকের দলকে বরং একটা হুমকিই দিয়ে রেখেছেন তিনি।

"আমরা সব সময় যে রকম খেলি তেমনই খেলব। কোনো কিছুই অসম্ভব নয়। সামর্থ্য আর পরিশ্রম দিয়ে আমরা ম্যাচটি জিততে পারি।"

লিগে সাম্প্রতিক সময়ে ভায়েকানোর পরিসংখ্যানই হয়ত এই ভরসা দিচ্ছে মানুচোকে। গত সাত ম্যাচে হারেনি তারা। এর মধ্যে পাঁচটি ম্যাচই ২-২ গোলে ড্র করেছে দলটি।