জাতীয় দলে এক বছরের জন্য নিষিদ্ধ মামুনুল, জাহিদ
শৃঙ্খলাভঙ্গের কারণে জাতীয় দলে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন মামুনুল ইসলাম ও জাহিদ হোসেন। এ ছাড়া ইয়াসিন খান ও সোহেল রানাকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
অভিযুক্ত সাত ফুটবলারের মধ্যে বাকি তিন জন শহিদুল ইসলাম সোহেল, ইয়ামিন মুন্না ও আতিকুর রহমান মিশুকে সতর্ক করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টিমস কমিটি।
ভারতে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে বাংলাদেশ। দেশের মাঠে বঙ্গবন্ধু গোল্ড কাপে সেমি-ফাইনালে বাহরাইনের যুবাদের কাছে হেরে থেমে যায় মামুনুলদের পথ চলা।
এই দুই টুর্নামেন্টে ব্যর্থতার তদন্ত করে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি সাত ফুটবলারের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে প্রতিবেদন দেয়। সে অনুযায়ী ন্যাশনাল টিমস কমিটি ফুটবলারদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছিল। মামুনুলদের বক্তব্য শোনার পর বুধবার শাস্তির এই রায় দেয় কমিটি।
কোড অব কনডাক্টের ২ ও ৬ নম্বর ধারা ভাঙার কারণে মামুনুল, জাহিদ, ইয়াসিন ও সোহেলকে শাস্তি দেওয়া হয়েছে বলে জানান ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।
“আমাদের কাছে কমফোরটেবল বর্তমানের চেয়ে সমৃদ্ধ ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ। তাই সব দিক বিবেচনা করে এই শাস্তি দেওয়া হয়েছে।”
জাহিদ হোসেন
কোড অব কন্ডাক্টের ২ নম্বর ধারায় বলা হয়েছে, মাঠ এবং মাঠের বাইরে খেলোয়াড়দের আচরণ সঠিক হতে হবে। উচ্ছৃঙ্খলতা, বাজে অঙ্গভঙ্গি এবং কোনো প্ররোচনামূলক কথা, হুমকি দেওয়ার মতো কোনো কিছু করতে পারবেন না খেলোয়াড়রা। আর ৬ নম্বর ধারাটি মূলত টিম ম্যানেজার বা ন্যাশনাল টিমস কমিটির অনুমতির বাইরে গণমাধ্যমের সঙ্গে কথা বলা বিষয়ক।
মামুনুল, জাহিদ, ইয়াসিন ও সোহেল রানার শাস্তির মেয়াদ শুরু হচ্ছে বুধবার থেকেই। শাস্তি শেষ না হওয়া পর্যন্ত জাতীয় দলে খেলতে না পারলেও এ সময়ে ঘরোয়া ফুটবলে খেলতে পারবেন তারা।
সতর্কবার্তা পাওয়া তিন ফুটবলার শহিদুল, ইয়ামিন ও মিশুর সুযোগ থাকছে বিশ্বকাপ বাছাইয়ের জর্ডান ম্যাচের দলে ফেরার। এ প্রসঙ্গে নাবিল বলেন, “কোচ যদি চান, তাহলে এই তিন জনকে এখনই দলে ডাকা যেতে পারে।”
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ে আগামী ২৪ মার্চ জর্ডানের মুখোমুখি হবে বাংলাদেশ। কিছুদিন আগে ওই ম্যাচের জন্য ২২ জনের দল ঘোষণা করে বাফুফে, যাতে ওই সাত ফুটবলারের জায়গা হয়নি।
