ইনিয়েস্তার কাছে 'এমএসএন' সর্বকালের সেরা আক্রমণত্রয়ী
লিওনেল মেসি, লুইস সুয়ারেস আর নেইমারের সমন্বয়ে গড়া ত্রয়ীর মতো ভয়ঙ্কর কোনো আক্রমণভাগ কখনও কেউ দেখেনি বলে মনে করেন বার্সেলোনার অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা।
গত মৌসুমে বার্সেলোনাকে ট্রেবল জেতাতে বড় ভূমিকা রাখে 'এমএসএন' নামে পরিচিত এই ত্রয়ী। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে এবারও সেই সাফল্যের পুনরাবৃত্তি করার পথে আছে কাতালান ক্লাবটি। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এরই মধ্যে মেসি, নেইমার ও সুয়ারেস মিলে ৯৪ গোল করে ফেলেছেন।
বার্সেলোনায় মেসি, থিয়েরি অঁরি ও স্যামুয়েল এতো ত্রয়ীর চেয়ে মেসি, সুয়ারেস, নেইমার ভালো বলে মনে করেন ইনিয়েস্তা।
"অঁরি আর এতোকে খাটো না করেই বলছি, আমার দেখা সেরা তিন খেলোয়াড় মেসি, নেইমার ও সুয়ারেস।"
এই তিনজনের মধ্যে মেসির কথা আবার আলাদা করে বলেন ইনিয়েস্তা।
স্পেনের লা লিগার ২৬ রাউন্ড শেষে ৮ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৫৮। আর ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
কোপা দেল রের ফাইনালেও জায়গা করে নিয়েছে বার্সেলোনা। এবার এই টুর্নামেন্টের ফাইনালে তাদের প্রতিপক্ষ সেভিয়া। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম পর্বে আর্সেনালের মাঠে ২-০ গোলে জয় পাওয়ায় কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে আছে লুইস এনরিকের দল।
এত কিছুর পরও ইনিয়েস্তা সবকিছু নিয়ে বেশ সতর্ক।
"আমাদের সামনে এখন সবচেয়ে কঠিন পর্ব। এখন থেকে মৌসুমের শেষ পর্যন্ত প্রত্যেকটি ম্যাচ আমরা এভাবে খেলব যে, এটাই শেষ ম্যাচ।"
"আমি জানি না কেন, তবে আমার কাছে এটা অন্যতম উপভোগ্য এক মৌসুম। আশা করছি, আমরা কিছু শিরোপা জিততে পারব," যোগ করেন বার্সেলোনার তারকা মিডফিল্ডার ইনিয়েস্তা।"
