শুধুই শিরোপায় চোখ বার্সা কোচের
সেভিয়াকে হারিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকা বার্সেলোনা কোচ লুইস এনরিকে শুধু শিরোপা জয় নিয়েই ভাবছেন।
কাম্প নউয়ে গত রোববার স্পেনের লা লিগায় পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় তুলে নেয় বার্সেলোনা।
২৬ রাউন্ড শেষে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এনরিকের দল। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে তারা। ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচ শেষে এনরিকে বলেন, "আমরা শিরোপা জিতলে এটা (টানা অপরাজিত থাকা) অনেক অর্থবহ। না জিতলে এর কোনো মূল্য নেই।"
নিজেদের মাঠে ২০তম মিনিটে ভিতোলোর গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। লিওনেল মেসির অসাধারণ এক ফ্রি-কিকে ৩১তম মিনিটে সমতায় ফেরে কাতালান ক্লাবটি। ৪৭তম মিনিটে জেরার্দ পিকে জয়সূচক গোলটি করেন।
কষ্টার্জিত জয় পাওয়ার প্রশ্ন উঠলে এনরিকে সেভিয়ার প্রশংসা করেন।
"শিরোপা ধরে রাখতে পারার বিশ্বাস মৌসুমের প্রথম দিন থেকেই আছে আমাদের। এটাই সবার আগে এবং আমরা ভালো অবস্থায় আছি। চ্যাম্পিয়ন হতে আমাদের প্রয়োজনীয় পয়েন্টগুলো পেতে হবে," যোগ করেন গত মৌসুমের চ্যাম্পিয়ন বার্সেলোনার কোচ।
কোচের সঙ্গে কণ্ঠ মেলান তার শিষ্যরাও। ডিফেন্ডার জেরার্দ পিকে বলেন, "এই ধরনের ম্যাচে ফিরে আসা খুব কঠিন। সেভিয়া রক্ষণে দারুণ ছিল।"
আরেক ডিফেন্ডার জর্দি আলবা বলেন, "জয় পাওয়া সব সময়ই কঠিন। তবে ফুটবলের সৌন্দর্যই হলো কঠিনকে জয় করা।"
