'বার্সায় কেউই নিজেকে সেরা ভাবে না'
রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো যেভাবে সতীর্থদের সমালোচনা করেছেন, বার্সেলোনায় এটা কেউ কখনোই করতো না বলে বিশ্বাস জর্দি আলবার।
লা লিগায় গত শনিবার নিজেদের মাঠে আতলেতিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে হারের পর স্পেনের রেডিও কোপেকে রোনালদো বলেন, "সবাই যদি আমার মানের হতো, তাহলে আমরা সম্ভবত প্রথম হতাম।"
নিজেদের মাঠ কাম্প নউতে রোববার সেভিয়াকে ২-১ গোলে হারায় বার্সেলোনা।
ম্যাচ শেষে আলবার কাছে রোনালদোর ওই মন্তব্যের প্রসঙ্গটি তোলেন সাংবাদিকরা।
বার্সেলোনার এই ডিফেন্ডার বলেন, "বার্সার পরিবেশ বিবেচনা করে আমি বলতে পারি, আমরা সবাই মিলে একটা দল এবং কেউই কারো চেয়ে নিজেকে সেরা ভাবে না।"
"দলে কয়েক জন খেলোয়াড় আছে যারা পার্থক্য গড়ে দেয়, কিন্তু আমরা একটা দল," যোগ করেন আলবা।
