২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে হারল পিএসজি

ফরাসি লিগ ওয়ানে ৩৬ ম্যাচ অপরাজিত থাকার পর হেরেছে পিএসজি। লরাঁ ব্লাঁর দলকে ২-১ গোলে হারিয়েছে অলিম্পিক লিও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 02:56 PM

Updated : 11 Oct 2022, 07:51 PM

ঘরের মাঠে গত রোববার প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় লিও।

ত্রয়োদশ মিনিটে দলকে এগিয়ে দেওয়া গোলটি করেন কোত দি ভোয়াতে (আইভরি কোস্ট) জন্ম নেওয়া ফরাসি ফরোয়ার্ড ম্যাক্সওয়েল কর্নে। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন দলটির স্প্যানিশ মিডফিল্ডার সের্হি দারদের।

৫১তম মিনিটে লুকাস মাউরার গোলে ব্যবধান ২-১ করে পিএসজি।

এ ম্যাচের আগে ফরাসি লিগে পিএসজি সবশেষ হেরেছিল ২০১৫ সালের মার্চে বোর্দোর কাছে।

২৩ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে আছে পিএসজি। ২৮ ম্যাচে ৭৩ পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে থাকা মোনাকোর পয়েন্ট ৫০। আর ৪২ পয়েন্ট নিয়ে লিও আছে তৃতীয় স্থানে।

লিওর কাছে হেরে যাওয়ায় ফরাসি লিগের একটি রেকর্ড আর গড়া হলো না পিএসজির। ব্লাঁর দলের সামনে হাতছানি ছিল লিগ ওয়ানের এক মৌসুমে টানা অপরাজিত থাকার রেকর্ড গড়ার। ১৯৯৪-৯৫ মৌসুমে টানা ৩২ ম্যাচ জিতে রেকর্ডটি গড়েছিল নঁতে।