রোমা ও মিলানের জয়
স্তেফান এল শারাউইয়ের জোড়া গোলে সেরি আতে এম্পোলিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে এএস রোমা। তোরিনোর বিপক্ষে ১-০ গোলে জিতেছে এসি মিলান।
এম্পোলির মাঠে ম্যাচের পঞ্চম মিনিটেই রোমাকে এগিয়ে দেন ইতালির ফরোয়ার্ড শারাউই। ২২তম মিনিটে এরভিন জুকানোভিচের আত্মঘাতী গোলে সমতায় ফেরে এম্পোলি।
২৭তম মিনিটে মিরালেম পিয়ানিচের গোলে ব্যবধান ২-১ করে রোমা। ৭৪তম মিনিটে শারাউই তার দ্বিতীয় গোলটি করেন।
এই জয়ের পর ২৭ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রোমা।
নিজেদের মাঠে মিলানকে জেতানো গোলটি ৪৪তম মিনিটে করেন লুকা আন্তোনেল্লি।
২৭ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে মিলান।
