তবু সতর্ক বার্সা কোচ
লা লিগার শিরোপা জয়ের দৌড়ে বেশ এগিয়ে থাকলেও শিষ্যদের সতর্ক করে দিয়েছেন লুইস এনরিকে। সব কাজ শেষ হয়ে গেছে ভাবলে মারাত্মক ভুল করা হবে বলে মনে করেন বার্সেলোনা কোচ।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৩ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে আগামী রোববার সেভিয়ার বিপক্ষে নিজেদের মাঠে খেলতে নামবে বার্সেলোনা।
এ ম্যাচের আগে ২৫ রাউন্ড শেষে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। শনিবার নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ছিল ৫৪। আর ৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল আতলেতিকো।
সেভিয়া ম্যাচের আগের দিন এনরিকে বলেন, “একজন চ্যাম্পিয়ন না হওয়া পর্যন্ত আমরা প্রতিদ্বন্দ্বিতা করে যাবো। আমরা সব কাজ সেরে ফেলেছি ভাবাটা হবে মারাত্মক এক ভুল।”
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার সবশেষ হারটি সেভিয়ার বিপক্ষে। গত ৩ অক্টোবর সেভিয়ার মাঠ থেকে ২-১ ব্যবধানে হেরে আসার পর খেলা ৩৩ ম্যাচে প্রতিপক্ষের জালে ১০০ গোল করে বার্সেলোনা। এর বিপরীতে ১৮টি গোল খেয়েছে কাতালুনিয়ার ক্লাবটি।
তবে সেভিয়াকে সমীহ করার কথা জানান এনরিকে।
“এখন আমাদের সেভিয়া ম্যাচে মনোযোগ দিতে হবে। তারা কঠিন এক প্রতিপক্ষ।”
