২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেভিয়ার বিপক্ষে মেসিদের প্রতিশোধের লড়াই

দুর্দম্য গতিতে এগিয়ে চলা বার্সেলোনার সবশেষ হারটি ছিল সেভিয়ার বিপক্ষে। মাঝারি সারির দলটির বিপক্ষে লিগের ফিরতি পর্বের ম্যাচটি লিওনেল মেসিদের জন্য তাই প্রতিশোধের উপলক্ষও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2016, 06:06 PM

Updated : 11 Oct 2022, 07:50 PM

কাম্প নউতে আগামী রোববার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দেড়টায়।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৩ ম্যাচ অপরাজিত বার্সেলোনা সবশেষ হেরেছিল গত ৩ অক্টোবর। সেভিয়ার মাঠ থেকে ২-১ গোলে হেরে আসার পর থেকেই অদম্য লুইস এনরিকের দল।

গত ৩৩ ম্যাচে প্রতিপক্ষের জালে ১০০ গোল করেছে বার্সেলোনা; আর খেয়েছে মাত্র ১৮ গোল।

সব বিবেচনা করে সেভিয়ার মিডফিল্ডার ভিসেন্তে ইবোররা বলেন, “আমরা সবাই জানি, তারা কতটা ভালো দল। শুধু আক্রমণেই নয়, রক্ষণেও ভালো তারা। নিখুঁত একটি ম্যাচ খেলতে এবং রক্ষণে ভালো করার পাশাপাশি সুযোগগুলো কাজে লাগাতে আমাদের পরিশ্রম করতে হবে।”

কাম্প নউতে স্পেনের শীর্ষ লিগে দল দুটির মুখোমুখি লড়াইয়ের সাম্প্রতিক পরিসংখ্যানেও বার্সেলোনা একতরফা এগিয়ে। কাতালুনিয়ার ক্লাবটির মাঠে সবশেষ ১২ ম্যাচে কোনো জয় নেই সেভিয়ার। বার্সেলোনার মাঠে সবশেষ তারা জিতেছিল ২০০২ সালে।

২৫ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা সেভিয়ার খেলোয়াড়দের তবুও আত্মবিশ্বাসের অভাব নেই। মেসি-নেইমারদের একটা হুমকিই বরং দিয়ে রেখেছেন ইবোররা।

“বার্সেলোনার বিপক্ষে খেলা সব সময়ই প্রেরণাদায়ক। ভালো একটি ম্যাচ খেলতে আমরা পরিশ্রম করব। আমি নিশ্চিত, আমরা যে কোনো মাঠে জিততে পারি। তাহলে কাম্প নউতে নয় কেন?”

২৫ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা অবশ্য নিজেদের খেলাটা খেলে যেতে চাইবে। আর এটা করতে পারলে প্রতিশোধের আশা করতেই পারে ক্লাবটির সমর্থকরা।

মেসি, লুইস সুয়ারেস ও নেইমারের সমন্বয়ে গড়া ‘এমএসএন’ নামে পরিচিত বার্সেলোনার আক্রমণভাগ দুর্দান্ত ফর্মে রয়েছে। চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত তিন জনে মিলে করেছেন ৫৮টি গোল।

তিন জনের মধ্যে উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেসের রূপটাই সবচেয়ে বিধ্বংসী। ২৫ গোল করে এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি। নেইমারের গোল ১৮টি। মেসি করেছেন ১৫ গোল।

সতীর্থদের দিয়ে এ মৌসুমে লিগে ১০টি গোল করিয়েছেন সুয়ারেস, যেটা এখন পর্যন্ত লিগে সর্বোচ্চ গোলে সহযোগিতা। দ্বিতীয় সর্বোচ্চ সহযোগিতা নেইমারের (৯টি)। আর মেসি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ৭টি।

তাই এই আক্রমণত্রয়ী তাদের স্বাভাবিক ছন্দ ধরে রাখলে সেভিয়ার বিপক্ষে প্রতিশোধের লক্ষ্য পূরণ হবে তো বটেই, আরেকটি বড় জয়ের স্বপ্নও দেখতে পারে বার্সেলোনা সমর্থকেরা।