২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বার্সার সঙ্গে চুক্তি নিয়ে এখনও সমঝোতা হয়নি নেইমারের’

বিভিন্ন গণমাধ্যমে আসা বার্সেলোনার সঙ্গে নেইমারের নতুন চুক্তি নিয়ে সমঝোতার খবর মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকার বাবা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2016, 09:16 PM

Updated : 11 Oct 2022, 07:50 PM

সম্প্রতি বেশ কিছু সংবাদমাধ্যমে খবর বের হয় যে, বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন নেইমার। এই চুক্তিতে ২০২১ সাল পর্যন্ত কাম্প নউয়ে থাকবেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

তবে এখনও কোনো চুক্তি হয়নি বলে নিশ্চিত করেছেন নেইমারের বাবা। এ মৌসুম শেষে এ বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।

“নেইমারের চুক্তি নবায়নের বিষয়ে আমরা আশাবাদী। যদিও চুক্তি অনুযায়ী এখনও তার হাতে দুই বছর আছে। তাই এই সময়ে ভক্তরা শান্ত থাকতে পারেন।”

সম্ভাব্য চুক্তি নবায়নের প্রসঙ্গে সিনিয়র নেইমার আরও বলেন, “বার্তোমেউয়ের (বার্সেলোনা সভাপতি) সঙ্গে আমরা মে মাসে কথা বলব এবং নেইমার ও বার্সার এক সঙ্গে চলার পথ ঠিক করব।"

আগের মতো এখনও নেইমারকে কিনতে ইউরোপের বিভিন্ন দল প্রস্তাব দিচ্ছে বলেও জানিয়েছেন তার বাবা।

“গত গ্রীষ্মে বার্সেলোনা একটা প্রস্তাব পেয়েছিল এবং তা প্রত্যাখান করে তারা। এখনও এ প্রস্তাব আসছে এবং বার্সা তা প্রত্যাখ্যান করতে প্রস্তুত।”