২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্থে দ্বিতীয় রাউন্ডে বিদায় সিদ্দিকুরের

গলফ কোর্সে সিদ্দিকুর রহমানের হতাশার পথচলাটা আরও দীর্ঘ হলো। পার্থ ইন্টারন্যাশনালে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় রাউন্ডে আরও বাজে খেলে কাট-এ বাদ পড়েছেন বাংলাদেশের সেরা এই গলফার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2016, 05:41 PM

Updated : 12 Apr 2022, 01:30 AM

প্রথম ও দ্বিতীয় রাউন্ড মিলিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষে পারের চেয়ে পাঁচ শট বেশি খেলে যৌথভাবে ১০৮তম স্থানে থেকে বাদ পড়েন সিদ্দিকুর।

অস্ট্রেলিয়ার পার্থে লেক ক্যারিনিয়াপ কান্ট্রি ক্লাবে শুক্রবার দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে ছয় শট বেশি খেলেন সিদ্দিকুর। এ দিন মোট পাঁচটি 'বোগি' ও একটি 'ডাবল বোগি' করেন তিনি। বিপরীতে বার্ডি করেন মাত্র একটি।

প্রথম রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলে যৌথভাবে ৩০তম স্থানে ছিলেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।

এই টুর্নামেন্টের আগে ২০১৬ সালে আরও চারটি প্রতিযোগিতায় খেললেও কোনোটিতেই তেমন কোনো সাফল্য পাননি সিদ্দিকুর। সবশেষ মালয়েশিয়ার মেব্যাঙ্ক ওপেনে ৫০তম হন তিনি।

সাড়ে ১২ লাখ ডলার প্রাইজমানির পার্থের এই প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড শেষে পারের চেয়ে ৪ শট কম খেলে শীর্ষে আছেন যুক্তরাষ্ট্রের পিটার ইউলাইন।