২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আতলেতিকোর বিপক্ষে জিততেই হবে: রোনালদো

সাফল্যের চূড়া থেকে হঠাৎ ছন্দপতন এবং খেলোয়াড়দের চোট সমস্যা, এসবের ভিড়ে অনেক দিন ধরেই ভুগছে রিয়াল মাদ্রিদ। কঠিন এ সময়ে সামনে শক্তিশালী আতলেতিকো মাদ্রিদ। তবে ক্ষীণ হয়ে যাওয়া লিগ জয়ের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জিততে মরিয়া ক্রিস্তিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 09:35 PM

Updated : 12 Apr 2022, 01:30 AM

গত রোববার লিগে এ বছরে তৃতীয়বারের মতো ড্রয়ের হতাশায় ডোবে রিয়াল। মালাগার মাঠে ১-১ গোলের ওই সমতায় শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে পড়ে দলটি।

২৫ রাউন্ড শেষে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬৩। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকোর পয়েন্ট ৫৫। তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় রিয়াল।

মালাগার মাঠে ওই ম্যাচের পরই ডিফেন্ডার মার্সেলো জানিয়েছিলেন, আর একবার হোঁচট খেলেই শিরোপা স্বপ্ন শেষ হয়ে যাবে তাদের।

কঠিন এ পথচলায় প্রতিপক্ষের শক্তি বা নিজেদের সমস্যা নিয়ে অবশ্য ভাবছেন না রোনালদো। তিনবারের বর্ষসেরা তারকার লক্ষ্য একটাই- জয়।

“ঘরের মাঠে, সমর্থকদের সামনে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে এটা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। দলটি রক্ষণে ভালো। এই ম্যাচ আমাদের জিততেই হবে।”

শিরোপা জয়ের লক্ষ্য কঠিন হলেও আশা ছাড়তে রাজি নন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

“আমরা জানি, লা লিগা কঠিন। কিন্তু আমাদের শেষ পর্যন্ত লড়াই করতে হবে। ফুটবল বিস্ময়ে ভরা এবং যে কোনো কিছুই হতে পারে। শেষ পর্যন্ত আপনাকে লড়াই চালিয়ে যেতে হবে।”

আগামী শনিবার বাংলাদেশ সময় রাত নয়টায় নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লা লিগার ম্যাচটি ঘরের মাঠে খেলবে রিয়াল।