২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাস্তি কমল ব্লাটার ও প্লাতিনির

ফিফার বিদায়ী সভাপতি জেপ ব্লাটার ও নিষিদ্ধ উয়েফা প্রধান মিশেল প্লাতিনির শাস্তির মেয়াদ দুই বছর করে কমেছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার আপিল কমিটি দুজনের ফুটবল সংক্রান্ত সব ধরনের কর্মকাণ্ড থেকে আট বছরের নিষেধাজ্ঞা কমিয়ে ছয় বছর করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 01:51 AM

Updated : 11 Oct 2022, 07:50 PM

গত ডিসেম্বরে ফিফার এথিক্স কমিটি বিশ্ব ফুটবলের শীর্ষ এই দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শেষে দুজনকেই আট বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল।

তদন্তে ২০১১ সালে ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্লাতিনিকে ‘অবৈধ উপায়ে’ ব্লাটারের ২০ লাখ ইউরো দেওয়ার অভিযোগের সত্যতা মেলে। একই অপরাধে ব্লাটারকে ৫০ হাজার সুইস ফ্রাঁ ও প্লাতিনিকে ৮০ হাজার সুইস ফ্রাঁ জরিমানাও করা হয়।

নিষেধাজ্ঞার মেয়াদ কমলেও সন্তুষ্ট নন ব্লাটার। কোনোরকম দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ আগে থেকেই অস্বীকার করে আসা ৭৯ বছর বয়সী এই সুইস এক বিবৃতিতে জানান, “ফিফার আপিল কমিটির সিদ্ধান্তে আমি ভীষণ হতাশ। আমি বিষয়টি আন্তর্জাতিক ক্রীড়া আদালতে নিয়ে যাবো।”

ফিফার আপিল কমিটির এই সিদ্ধান্তের প্রেক্ষিতে এখন পর্যন্ত নিজের অভিমত জানাননি প্লাতিনি। তিনিও অবশ্য আগে থেকেই দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছেন। তদন্তে দুজনের বিরুদ্ধেই ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছিল এথিক্স কমিটি।

গত ২৯ মে পঞ্চমবারের মতো সভাপতি নির্বাচিত হওয়ার কয়েক দিন পরেই ফিফাকে ঘিরে ঘুষ কেলেঙ্কারি ও দুর্নীতির তদন্ত শুরু হওয়ায় পদত্যাগের ঘোষণা দেন ব্লাটার। আগামী শুক্রবার হতে যাওয়া সভাপতি নির্বাচনের আগেই সরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন ১৯৯৮ সাল থেকে ফিফা প্রধানের দায়িত্বে থাকা সুইজারল্যান্ডের এই নাগরিক।

ব্লাটারের পদত্যাগের ঘোষণার পরবর্তী সময়ের শুরুতে তার উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল ৬০ বছর বয়সী প্লাতিনিকে। গত অক্টোবরে ফিফা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্রও জমা দেন প্লাতিনি। কিন্তু এর কদিন পরেই তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত শুরু করে সংস্থাটির এথিক্স কমিটি। আর ওই তদন্ত শেষেই তাদেরকে নিষিদ্ধ করা হয়।