অভিনেতা হওয়ার সাধ রোনালদোর
খেলোয়াড়ি জীবন শেষে ফুটবল দুনিয়ার বাইরে থাকার ইচ্ছার কথা আগেই জানিয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। এবার জানালেন ভবিষ্যতের স্বপ্নের কথা; সম্ভব হলে অভিনয় জগতে ঢুঁ মারতে চান এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
এই মুহূর্তে অবশ্য অভিনয় পেশা নিয়ে কোনো লক্ষ্য নেই বলে জানিয়েছেন রোনালদো।
“এই মুহূর্তে এটা আমার লক্ষ্য নয়। তবে কিছু প্রস্তাব পেয়েছি।”
অভিনেতা হওয়ার ইচ্ছা থাকলেও যেনতেনভাবে নয়, উপযুক্ত প্রশিক্ষণ ও দিক নির্দেশনা পেলেই শুধু অভিনয় করার ইচ্ছা এই পর্তুগিজ তারকার।
“ভালো অভিনেতাদের মাঝে থেকে আমি শিখতে চাই কারণ সেভাবেই শুধু আমি শিখতে পারব। কেননা এই ঘরানাটা আমি নিয়ন্ত্রণ করি না; ফুটবলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।”
তিন বারের বর্ষসেরা ফুটবলার রোনালদোকে নিয়ে তৈরি একটা ডকুমেন্টারি গত বছরের শেষ দিকে মুক্তি পায়।
