২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জর্ডান ম্যাচের জন্য বাংলাদেশের প্রাথমিক দল

২০১৮ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচের প্রাথমিক দল দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মামুনুলসহ অভিযুক্ত সাত ফুটবলার ২২ জনের এই দলে নেই।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 08:13 PM

Updated : 12 Apr 2022, 01:29 AM

বাংলাদেশ ফুটবল ফেডারেশন মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে। আগের দিন মামুনুলদের ছাড়াই প্রাথমিক দল দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। 
 
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ও বঙ্গবন্ধু গোল্ড কাপের ব্যর্থতার তদন্তের পর সাত ফুটবলারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি।
 
অভিযুক্ত সাত ফুটবলার হলেন মামুনুল ইসলাম, জাহিদ হোসেন, সোহেল রানা, ইয়ামিন মুন্না, শহিদুল ইসলাম সোহেল, আতিকুর রহমান মিশু ও ইয়াসিন খান।
 
জর্ডানের মাঠে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি আগামী ২৪ মার্চ। আগের সাত ম্যাচে বাংলাদেশের সেরা সাফল্য নিজেদের মাঠে তাজিকিস্তানের সঙ্গে ড্র করা।
 
জর্ডান ম্যাচের দলে ফেরার সুযোগ থাকছে মামুনুলদের সামনে। সেক্ষেত্রে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির অভিযোগের উপযুক্ত ও সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে তাদের।
 
প্রাথমিক দল: রাসেল মাহমুদ, মাজহারুল ইসলাম, আশরাফুল ইসলাম রানা, রায়হান হাসান, তপু বর্মন, নাসিরুল ইসলাম, রেজাউল করিম, কেষ্ট কুমার বোস, ওয়ালী ফয়সাল, শাকিল আহমেদ, ইমন মাহমুদ, মোনায়েম খান রাজু, জামাল ভূইয়া, শাহেদুল আলম শাহেদ, ফজলে রাব্বি, আতিকুর রহমান ফাহাদ, মাশুক মিয়া জনি, রুবেল মিয়া, নাবীব নেওয়াজ জীবন, শাখাওয়াত হোসেন রনি, জুয়েল রানা ও আমিনুর রহমান সজীব।