২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যে কোনো পজিশনেই সেরা মেসি’

মাঝমাঠ বা ফরোয়ার্ড; যেখানেই খেলুন না কেন, লিওনেল মেসি সব পজিশনেই সেরা বলে মনে করেন বার্সেলোনা কোচ লুইস এনরিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 08:02 PM

Updated : 11 Oct 2022, 07:49 PM

গত মৌসুমে বার্সেলোনার ট্রেবল জেতায় বড় ভূমিকা রাখেন মেসি। লুইস সুয়ারেস ও নেইমারকে নিয়ে কাতালুনিয়ার ক্লাবটিতে অসাধারণ এক আক্রমণত্রয়ী গড়ে তুলেছেন আর্জেন্টিনা অধিনায়ক।

এনরিকে বলেন, “গত মৌসুমে অবিশ্বাস্য খেলেছে সে। তার সব কিছুই ছিল খুব প্রশংসনীয়। সে গোল করেছে, রক্ষণে অবদান রেখেছে, গোলে সহায়তা করেছে।”

“এ মৌসুমেও সে একই পর্যায়ে অথবা তার চেয়েও ভালো অবস্থায় আছে। আমার খেলোয়াড়দের নিজেদের প্রতিনিয়ত বদলানোর সামর্থ্য আছে,” যোগ করেন এনরিকে।

এ মৌসুমে বার্সেলোনা দলের আক্রমণভাগের মাঝখানে খেলছেন সুয়ারেস। আর পাঁচ বারের বর্ষসেরা খেলোয়াড় ২৮ বছর বয়সী মেসি খেলছেন ডান দিকে।

এনরিকে বলেন, “লিওনেল মেসি, সে যখন মাঝমাঠে খেলে, তখন সেরা মিডফিল্ডার। যখন সে স্ট্রাইকার হিসেবে খেলে তখন প্রচুর গোল করে।”

“আর এখন সে উইঙ্গার হিসেবে খেলে। কিন্তু তার মাঠে যে কোনো জায়গায় যাওয়া আর নেতৃত্ব দেওয়ার স্বাধীনতা আছে,” যোগ করেন এনরিকে।

আর্সেনালের মাঠ এমিরেটসে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম পর্বের ম্যাচ খেলতে নামবে বার্সেলোনা। ম্যাচের আগের দিন এনরিকে বলেন, “যেখানেই খেলুক, সে-ই সেরা। সে আমাদের নেতা।”