২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাপুটে জয়ে এফএ কাপের শেষ আটে ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জেতার দৌড়ে পিছিয়ে পড়া ম্যানচেস্টার ইউনাইটেড এফএ কাপে লক্ষ্যের পথেই ছুটছে। দাপুটে জয়ে ইংলিশ ফুটবলের এই প্রাচীনতম আসরের কোয়ার্টার-ফাইনালে উঠেছে লুই ফন খালের দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 01:44 PM

Updated : 11 Oct 2022, 07:49 PM

শ্রৌজবুরি টাউনের মাঠে সোমবার ইউনাইটেডের ৩-০ গোলের জয়ে লক্ষ্যভেদ করেন ক্রিস স্মলিং, হুয়ান মাতা ও জেসি লিংগার্ড।

প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় এফএ কাপের ১১ বারের চ্যাম্পিয়ন ইউনাইটেড। ম্যাচে মাতা-স্মলিংদের পায়ে বলের নিয়ন্ত্রণও ছিল ৭৫ শতাংশ।

৩৭তম মিনিটে স্মলিংয়ের গোলে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন হুয়ান মাতা। বক্সের বাইরে থেকে স্পেনের এই ফরোয়ার্ডের নেওয়া ফ্রি-কিক বাঁক খেয়ে ঠিকানা খুঁজে পায়।

২০০৩-০৪ মৌসুমে সর্বশেষ এফএ কাপের শিরোপা জেতা ইউনাইটেড স্কোরলাইন ৩-০ করে নেয় লিংগার্ডের গোলে। আন্দের এররেরার বাড়ানো বল মাপা শটে ঠিকানায় পৌঁছে দেন ইংল্যান্ডের এই মিডফিল্ডার।

এফএ কাপের সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ইউনাইটেডের প্রতিপক্ষ ওয়েস্টহ্যাম ইউনাইটেড। ম্যাচটি হবে মাতাদের চেনা মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে।