মামুনুলদের ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক দল
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মামুনুলসহ জাতীয় দলের সাত ফুটবলারের ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ে জন্য বাংলাদেশের প্রাথমিক দলে আপাতত ঠাঁই মিলছে না।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) সোমবার ন্যাশনাল টিমস কমিটির সভায় জর্ডানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য মামুনুলদের ছাড়াই প্রাথমিক দল দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানান কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।
“আগামী মাসে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচ আছে জর্ডানের সঙ্গে। তার আগে আমরা ১৮ মার্চে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একটা প্রস্তুতি ম্যাচ খেলব আবু ধাবিতে। …এই দুই ম্যাচের দলে তাদের (অভিযুক্তদের) নাম থাকবে না। আত্মপক্ষ সমর্থনের সময় তাদের (অভিযুক্তদের) জবাবে যদি কমিটি সন্তুষ্ট হয়, তাহলে তারা পরে অন্তর্ভুক্ত হবে।”
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ও বঙ্গবন্ধু গোল্ড কাপের ব্যর্থতা নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী সাত ফুটবলারকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ নোটিশ দেয় ন্যাশনাল টিমস কমিটি। অভিযুক্ত সাত ফুটবলার হলেন মামুনুল ইসলাম, জাহিদ হোসেন, সোহেল রানা, ইয়ামিন মুন্না, শহিদুল ইসলাম সোহেল, আতিকুর রহমান মিশু ও ইয়াসিন খান।
বিশ্বকাপ বাছাইয়ের দলে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন গনসালো সানচেস মরেনো। সৈয়দ গোলাম জিলানীকে সহকারী কোচ ও আতিকুর রহমানকে গোলরক্ষক কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। বাদল রায়কে টিম লিডার ও সত্যজিৎ দাস রূপুকে টিম ম্যানেজারের দায়িত্ব দিয়েছে কমিটি।
জর্ডানের সঙ্গে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ২৪ মার্চে; জর্ডানের মাঠে। আগের সাত ম্যাচে বাংলাদেশের সেরা সাফল্য নিজেদের মাঠে তাজিকিস্তানের সঙ্গে ড্র করা।
