মামুনুলসহ সাত ফুটবলারকে শোকজ নোটিশ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মামুনুল ইসলামসহ সাত ফুটবলারকে শোকজ নোটিশ (কারণ দর্শানোর চিঠি) দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টিমস কমিটি।
অভিযুক্ত সাত ফুটবলারকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দিচ্ছে বাফুফের এই কমিটি।
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ও বঙ্গবন্ধু গোল্ড কাপের ব্যর্থতার তদন্ত করে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির দেওয়া প্রতিবেদন নিয়ে সোমবার সভায় বসে ন্যাশনাল টিমস কমিটি। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদনে অভিযুক্ত সাত ফুটবলারকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ নোটিশ দিচ্ছে ন্যাশনাল টিমস কমিটি।
অভিযুক্ত সাত ফুটবলার হলেন মামুনুল ইসলাম, জাহিদ হোসেন, সোহেল রানা, ইয়ামিন মুন্না, শহিদুল ইসলাম সোহেল, আতিকুর রহমান মিশু ও ইয়াসিন খান।
সভা শেষে সংবাদ সম্মেলনে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, “ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আমাদের কাছে যে প্রতিবেদন দিয়েছে, তা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছি। বিশ্লেষণ করে মামুনুল, জাহিদ, সোহেল, ইয়ামিন, গোলকিপার সোহেল, মিশু ও ইয়াসিন-এই সাত জনের বিরুদ্ধে আমরা গুরুতর অভিযোগ পেয়েছি। তাদের সম্পর্কে এর আগের কিছু রিপোর্টও আমাদের হাতে এসেছে। অভিযুক্তদের আমরা কাল কারণ দর্শানোর চিঠি দিচ্ছি। যাতে তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায় এবং কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা যেন পরিষ্কার করতে পারে।”
বাদল রায়, তাবিথ আওয়াল ও আনোয়ারুল হক হেলাল-এই তিন জনকে নিয়ে করা কমিটির সামনে মামুনুলদের স্বশরীরে এসে আত্মপক্ষ সমর্থন করতে হবে বলেও জানান নাবিল। তিন-চার দিনের মধ্যে সব কাজ গুছিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।
অভিযুক্তদের তালিকায় ডিফেন্ডার রায়হান হাসানের নাম না থাকা বিস্ময়ের জন্ম দিয়েছে। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির এক সদস্যের সঙ্গে আত্মীয়তা থাকায় রায়হান পার পেয়ে গেছেন বলে গুঞ্জন উঠেছে।
এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে নাবিল বলেন, “এই সাত জনের নাম ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির কাছ থেকে পেয়েছি এবং আমরা প্রতিবেদন অনুযায়ী যাব। তদন্ত কমিটির এক জনের সঙ্গে তার আত্মীয়তা আছে। এটা (আপনাদের কাছ থেকে) শুনলাম। পরে এটা খোঁজ নেব।”
অভিযুক্ত সাত জনের মধ্যে গুরুতর অভিযোগ জাহিদের বিপক্ষে। নাম প্রকাশে অনিচ্ছুক বাফুফের এক কর্মকর্তা জানান, বঙ্গবন্ধু গোল্ড কাপে নেপালের বিপক্ষে ম্যাচের আগের রাতে মদ্যপান করেন জাহিদ।
বাকি ছয় জনের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে নাবিল সরাসরি কিছু বলেননি। গোপনীয়তার কারণ হিসেবে তিনি বলেন, “বিচারের স্বার্থে অভিযোগ নিয়ে কথা বলব না। বলতে পারেন, তারা শৃঙ্খলা ভেঙেছে।”
