গ্রুপে চিলিকে পেয়ে খুশি আর্জেন্টিনা কোচ
গত জুলাইয়ে যে দলের কাছে হেরে কোপা আমেরিকার শিরোপা স্বপ্ন ভেঙেছিল সেই চিলিকে এবার একই গ্রুপে পেয়ে খুশি জেরার্দো মার্তিনো।
তবে এবার ফল অন্যরকম হবে বলে আশা আর্জেন্টিনা কোচের।
দক্ষিণ আমেরিকার সেরা ফুটবল প্রতিযোগিতা কোপা আমেরিকার ১০০ বছর পুর্তি হিসেবে আগামী ৩ থেকে ২৬ জুন যুক্তরাষ্ট্রের ১০টি শহরে হবে এর বিশেষ আসর।। ২৬ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল।
গত আসরের ফাইনালে নির্ধারিত সময় গোলশূন্য ড্র হওয়ার পর পেনাল্টিতে ৪-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা। ওই টাইব্রেকারে মার্তিনোর দলের পক্ষে একমাত্র লিওনেল মেসিই গোল করতে পারেন।
লক্ষ্যের খুব কাছে গিয়েও শিরোপা জিততে না পারার হতাশা এবার ঘোঁচাতে চান মার্তিনো। আর সে লক্ষ্যে চিলিকে গ্রুপ পর্বে পেয়ে একটু খুশিই হলেন।
"আবারও আমি চিলির মুখোমুখি হতে চাইব, তবে ফাইনালের থেকে ফলটা এবার ভিন্ন হতে হবে।"
রোববার হওয়া টুর্নামেন্টের ড্রয়ে 'ডি' গ্রুপে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন চিলি ও আর্জেন্টিনা ছাড়াও আছে পানামা ও বলিভিয়া।
