২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপার আশা ছাড়ছেন না জিদান

মালাগার মাঠে পয়েন্ট খুইয়ে লা লিগার শিরোপা দৌড়ে পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। দলটির কোচ জিনেদিন জিদানও মানছেন সামনের পথ চলাটা কঠিন হয়ে গেল তার দলের জন্য। তবে এখনই হাল ছাড়ছেন না রিয়ালের ‍সাবেক এই তারকা ফুটবলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2016, 02:23 PM

Updated : 20 Aug 2022, 11:55 AM

গত রোববার মালাগার সঙ্গে ১-১ ড্র করা রিয়াল ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় স্থানে আছে। আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৫৫। ৬৩ পয়েন্ট নিয়ে বেশ এগিয়ে বার্সেলোনা।

লিগের বাকি আরও ১৩ ম্যাচে। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধানটা রিয়ালের ৯ পয়েন্টের। এই ব্যবধান ঘুচিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধার করা সহজ নয় মানছেন জিদানও।

“শিরোপাকে আমরা এখনও বিদায় বলিনি, যদিও এটা (জেতা) এখন অনেক কঠিন।”

“আমরা শিরোপা থেকে নিজেদের বিচ্ছিন্ন করছি না। এ ধরনের শঙ্কা নেই। এখনও লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ আছে। যাই হোক না কেন, আমরা শেষ পর্যন্ত লড়াই করব”, যোগ করেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা জিদান।

শিরোপার স্বপ্ন দেখার কারণটাও জানান জিদান, “অন্য দলগুলো পয়েন্ট হারাতে পারে। তবে আমি অন্যদের নিয়ে ভাবছি না; খালি দেখছি কি ঘটে।”

মালাগার মাঠে ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল। কিন্তু পুরো ৩ পয়েন্ট নিয়ে ফিরতে পারেনি তারা। পেনাল্টির ‍সুযোগও নষ্ট করেছেন রোনালদো। তবে দলকে সমালোচনার কাঠগড়ায় তোলেননি জিদান।

“আমি মনে করি না, আমরা ভালো খেলিনি। দ্বিতীয়ার্ধে আমাদের সমস্যা হচ্ছিল কিন্তু আমরা বাজে খেলিনি। আমাদের সুযোগ ছিল জেতার।”

চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ ম্যাচে এএস রোমার মাঠ থেকে জয় নিয়ে ফেরে রিয়াল। রোমের ওই সাফল্যের উদাহরণ টেনে জিদান মালাগা ম্যাচ নিয়ে বলেন, “এটা কঠিন ম্যাচ ছিল। আমাকে শুধু নিজের দলের পর্যালোচনা করতে হবে এবং করণীয়টা খুঁজে বের করতে হবে।”