রোনালদোকে বার্সেলোনায় চান নেইমার
ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে খেলাটা উপভোগ করবেন বলে জানিয়েছেন বার্সেলোনায় তারকা ফরোয়ার্ড নেইমার। তবে পর্তুগিজ এই তারকার সঙ্গে রিয়ালে নয় নিজের ক্লাবে খেলতে চান ব্রাজিল অধিনায়ক।
রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদোকে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি আর ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড পেতে চাইছে বলে অনেক দিন ধরেই গুঞ্জন চলছে।
অন্যদিকে নেইমারকে নিয়ে গুঞ্জন চলছে, স্পেনের সফলতম ক্লাব রিয়াল তাকে পেতে চায়।
পর্তুগালের দৈনিক আ বোলাকে নেইমার জানান, বার্সেলোনার আক্রমণত্রয়ীর সঙ্গে রোনালদো যোগ হলে তাকে স্বাগত জানাবেন তিনি।
“আমি ক্রিস্তিয়ানোর ভক্ত; তিনি একজন কিংবদন্তি; তার মতো আর কেউ নেই। তিনি বার্সেলোনার হয়ে খেললে খুব ভালো হতো।”
বার্সেলোনার সাবেক কোচ পেপ গুয়ার্দিওলা এ মৌসুম শেষে বায়ার্ন মিউনিখ থেকে ম্যানচেস্টার সিটিতে যাবেন। আর মরিনিয়ো ইউনাইটেডের দায়িত্ব নিতে পারেন বলে গুঞ্জন চলছে। অনেকেই ধারণা করছেন, ভবিষ্যতে নেইমার এই দুই কোচের কোনো একজনের অধীনে খেলতে পারেন।
সান্তোসের সাবেক তারকা নেইমার বলেন, “আমি তাদের দুজনকেই পছন্দ করি। কিছু দিন থেকে আমি তাদরে দুজনের পথ অনুসরণ করছি। কিন্তু আমার কোচ লুইস এনরিকে এবং আমি বার্সেলোনার পক্ষেই বলব।”
বার্সেলোনাকে বিশ্বের সেরা ক্লাব মনে করা নেইমার বলেন, “আমি আমার সতীর্থদের সঙ্গে খেলতে ভালোবাসি। এই দলের অংশ হতে পেরে আমি খুব গর্বিত।”
“চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখা কঠিন। বার্সেলোনার মতো ভালো অনেক দল আছে। আমি শুধু নিশ্চয়তা দিতে পারি যে, শিরোপা ধরে রাখার চেষ্টা করতে আমাদের প্রত্যয়ের কোনো ঘাটতি থাকবে না,” যোগ করেন নেইমার।
