জ্বলে ওঠার প্রত্যয় নিয়ে মালাগার মাঠে রিয়াল
চলতি মৌসুমে লিগে রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড়রা ঘরের মাঠে আলো ছড়িয়ে গেলেও প্রতিপক্ষের মাঠে তুলনামূলক নিষ্প্রভ। শিরোপা লড়াইয়ে খানিকটা পিছিয়ে পড়া স্পেনের সফলতম দলটি এবার প্রতিপক্ষের মাঠেও জ্বলে ওঠার অপেক্ষায় আছে। এ লক্ষ্যে ক্রিস্তিয়ানো রোনালদোরা সামনে পাচ্ছেন মালাগাকে।
আগামী রোববার স্পেনের লা লিগার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
এই ম্যাচের আগে ২৪ রাউন্ড শেষে ৫৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে তারা। আর ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম পর্বের ম্যাচে রোমার মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফেরার পর রিয়াল অধিনায়ক রামোস বলেছিলেন, লিগ জয়ের আশা এখনও ছাড়েননি তারা। তবে বাকি ম্যাচগুলোয় আর কোনো হোঁচট খাওয়া চলবে না বলেও মনে করেন তিনি।
মালাগা ম্যাচের আগের দিন কোচ জিনেদিন জিদানও একই সুরে কথা বলেন।
“আমি এখনও একই কথা ভাবছি। আমরা ৭ পয়েন্ট পিছিয়ে আছি এবং এটা (লিগ জয়) কঠিন হবে। কিন্তু আমরা সর্বস্ব দিচ্ছি, আর আমরা সবাই খুশি।”
মালাগার বিপক্ষে আত্মবিশ্বাসের পালে হাওয়া ভরে নেওয়ার মতো পরিসংখ্যান আছে রিয়ালের সেরা তারকা রোনালদোরও। এই প্রতিপক্ষের বিপক্ষে লা লিগায় এ পর্যন্ত ১৪টি গোল করেছেন পর্তুগালের তারকা ফরোয়ার্ড, যা স্পেনের শীর্ষ লিগে অন্য যে কোনো খেলোয়াড়ের চেয়ে বেশি।
এত এত ইতিবাচক পরিসংখ্যানের মাঝেও একটি বিষয় নিয়ে দুশ্চিন্তা হতে পারে জিদানের। লিগে সবশেষ ৯ ম্যাচে প্রতিপক্ষের মাঠে খেলা তিনটি ম্যাচে মাত্র একটিই জয় পেয়েছে রিয়াল, বাকি দুটি করেছে ড্র। আর এই তিন ম্যাচে প্রতিপক্ষের জালে মাত্র পাঁচটি গোল দিতে পেরেছে তারা।
এই তিন ম্যাচে রিয়ালের রক্ষণভাগও খুব একটা ভালো করতে পারেনি; ৪টি গোল খেয়েছে তারা।
রক্ষণ নিয়ে এ ম্যাচেও ভাবতে হচ্ছে জিদানকে। কাঁধের চোট কাটিয়ে ব্রাজিলিয়ান ফুল-ব্যাক মার্সেলো ফিরলেও পায়ের চোটের কারণে এ ম্যাচে খেলতে পারছেন না পর্তুগালের ডিফেন্ডার পেপে। নিষেধাজ্ঞার কারণে এ ম্যাচে জিদান পাচ্ছেন না আরেক ডিফেন্ডার রাফায়েল ভারানেকেও।
“আমাদের যেটা পাওয়া দরকার সেটা পেতে রোববার আমরা সবকিছু করার চেষ্টা করব।”
লিগে মালাগার পারফরম্যান্স সম্প্রতি খুব একটা ভালো নয়। গত শনিবার ভিয়ারিয়ালের কাছে ১-০ গোলে হেরে যাওয়া দলটি ২৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে আছে।
তবে রিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়ানোর আশা করছেন ঘরের মাঠে সবশেষ ম্যাচে গেতাফেকে ৩-০ গোলে হারানো মালাগার কোচ মিগুয়েল তোরেস।
“এটা লম্বা এক ম্যাচ হবে, যেখানে যে কোনো সূক্ষ্ম বিষয় ম্যাচের ফল নির্ধারণ করে দিতে পারে। আমরা সপ্তাহ জুড়ে খুব ভালো কাজ করে যাচ্ছি।”
