মালয়েশিয়াতেও মলিন সিদ্দিকুর
নতুন বছরে এখনও নিজেকে মেলে ধরতে পারেননি সিদ্দিকুর রহমান। মালয়েশিয়ার মেব্যাঙ্ক চ্যাম্পিয়নশিপে কোনোমতে বাদ পড়া এড়িয়ে তৃতীয় রাউন্ডে উঠেছে দেশসেরা এই গলফার।
শুক্রবার কুয়ালা লামপুরের রয়াল সেলাংগর গলফ ক্লাবে দ্বিতীয় রাউন্ডে তিনটি বোগি ও দুটি বার্ডি করেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে এক শট কম খেলে ১৬ জনের সঙ্গে যৌথভাবে ৫৫তম স্থানে রয়েছেন তিনি।
এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা সিদ্দিকুর পারের চেয়ে দুই শট কম খেলে যৌথভাবে ৩১তম স্থানে থেকে প্রথম রাউন্ড শেষ করেছিলেন।
কাট-এর ওপরে থাকা ৭০ জন গলফার তিন লাখ ডলার প্রাইজমানির এই আসরের তৃতীয় রাউন্ডে উঠেছেন।
দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১৩ শট কম খেলা অস্ট্রেলিয়ার নাথান হোলম্যান শীর্ষে রয়েছেন।
২০১৬ সালে সিদ্দিকুর এ নিয়ে এশিয়ান ট্যুরের চতুর্থ আসরে খেলছেন। দেশের কোর্সে খেলা সর্বশেষ টুর্নামেন্ট বসুন্ধরা ওপেনে ৩৫তম হয়েছিলেন তিনি।
