রোনালদোর গোলে খুশি জিদান
ক্রিস্তিয়ানো রোনালদো অবশেষে প্রতিপক্ষের মাঠে গোল পাওয়ায় দারুণ খুশি জিনেদিন জিদান। এএস রোমার বিপক্ষে জয়ের কৃতিত্ব তারকা এই ফরোয়ার্ডকেই দিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম পর্বে গত বুধবার রোমার মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফেরে রিয়াল। জিদানের দলকে এগিয়ে দেওয়া গোলটি করেন রোনালদো।
গত ২৯ নভেম্বর এইবারের বিপক্ষে রিয়ালের ২-০ ব্যবধানে জেতা ম্যাচের পর এই প্রথম প্রতিপক্ষের মাঠে গোল পেলেন রোনালদো।
ম্যাচ শেষে জিদান বলেন, “আমরা কথা বলেছি এবং আমি তার গোল নিয়ে খুশি। কারণ, সবাই তার কাছে গোল আশা করে এবং সে এটাই করেছে। আমি তার আর দলের জন্য খুশি।”
“আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দল। সব সময়ই একজন থাকে, যে পার্থক্য গড়ে দেয়। আজ এটা করেছে ক্রিস্তিয়ানো রোনালদো।”
ম্যাচ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগে বিন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে জিদান রোমার বিপক্ষে জয়ের রাতকে তার জন্য বিশেষ বলে উল্লেখ করেন। কোচ হিসেবে এটাই ছিল তার প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ।
