পেনাল্টি-ব্যর্থতা নিয়ে দুশ্চিন্তা নেই বার্সা কোচের
স্পেনের লা লিগায় আরও একবার পেনাল্টি থেকে গোল পেল না বার্সেলোনা। তবে এ মৌসুমে দলের পেনাল্টি থেকে গোল করার ব্যর্থতা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই কাতালুনিয়ার ক্লাবটির কোচ লুইস এনরিকের।
স্পোর্তিং গিহনের মাঠ থেকে গত বুধবার স্পেনের লা লিগায় ৩-১ গোলের জয় নিয়ে ফেরে বার্সেলোনা।
দলকে জেতাতে লিওনেল মেসি করেন জোড়া গোল। অন্য গোলটি করেন লুইস সুয়ারেস। উরুগুয়ের এই স্ট্রাইকার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ না হলে জয়ের ব্যবধান আরও বড় হতে পারত বার্সেলোনার।
৬২তম মিনিটে নেওয়া সুয়ারেসের পেনাল্টি কিক ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন স্পোর্তিংয়ের গোলরক্ষক।
স্পেনের লা লিগার এ মৌসুমে এই নিয়ে ষষ্ঠ বারের মতো পেনাল্টি থেকে গোল পেল না বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে এনরিকে বলেন, “পেনাল্টি থেকে গোল করার ক্ষেত্রে স্পষ্টতই আমাদের আরও ভালো করতে হবে। কিন্তু লুইস, মেসি আর নেইমারের উপর আমাদের পুরো আত্মবিশ্বাস আছে। তারা তিনজনই দারুণ পেনাল্টি নেওয়া খেলোয়াড়।”
“কিন্তু পেনাল্টি-ব্যর্থতা আমাকে একদমই ভাবায় না,” যোগ করেন এনরিকে।
