‘রোনালদো নয়, মেসিই সেরা’
কে বিশ্ব সেরা? লিওনেল মেসি, নাকি ক্রিস্তিয়ানো রোনালদো? এই প্রশ্নে বার্সেলোনা সতীর্থ মেসিকেই এগিয়ে রেখেছেন আর্দা তুরান।
সম্প্রতি বিন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তুরস্কের মিডফিল্ডার তুরান মেসিকে সেরা বলার ক্ষেত্রে কোনো যুক্তি-তর্কের ধার ধারেননি।
“মেসি সর্বকালের সেরা। এমনকি এ নিয়ে তর্ক করারই কোনো অবসর নেই।”
অসাধারণ ফুটবল উপহার দিয়ে গত মৌসুমে প্রথম ক্লাব হিসেবে দ্বিতীয়বারের মতো ট্রেবল জেতে বার্সেলোনা। তবে কাতালুনিয়া ক্লাবটির এই সাফল্যের অংশ ছিলেন না তুরান। গত মৌসুম শেষে বার্সেলোনায় নাম লেখানো এই মিডফিল্ডারের বিশ্বাস এবারও তার দল একই সাফল্য পাবে।
“এটা কেউ পায়নি। বার্সেলোনা এটা আবার করতে পারে।”
গত মৌসুমে বার্সেলোনা ট্রেবল জেতে মূলত ‘এমএসএন’ নামে পরিচিত মেসি, লুইস সুয়ারেস আর নেইমারের সমন্বয়ে গড়া আক্রমণত্রয়ীর অসাধারণ পারফরম্যান্সে। এ মৌসুমেও দারুণ খেলে যাচ্ছেন এই তিন তারকা ফরোয়ার্ড। নিজেদের মধ্যে খুব ভালো সম্পর্কই এই ত্রয়ীর সাফল্যের মূলে আছে বলে মনে করেন তুরান।
“সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, গোল করার চেষ্টা না করে তারা নিজেদের মধ্যে বল পাস দেওয়ার কাজটি করে। এছাড়া তাদের সম্পর্ক ভালো…এবং তাদের ব্যক্তিত্ব দারুণ, আর এটাই আসল।”
এদিকে বার্সেলোনার সঙ্গে চুক্তির কিছু বিষয় আর কর ফাঁকির অভিযোগ নিয়ে চলতে থাকা ঝামেলার কারণে নেইমারের বাবাও নাকি তার ছেলেকে নিয়ে অন্য কিছু ভাবছেন।
তবে তুরানের বিশ্বাস নেইমার বার্সেলোনাতেই থেকে যাবেন।
“সবশেষ সে চুক্তি নবায়নের কথাই বলেছিল। কিন্তু আমি তাকে বলে যাচ্ছি যে, পরার জন্য বার্সেলোনার চেয়ে ভালো আর কোনো জার্সি নেই।”
তুরানকে কথা বলতে হয় সেল্তা ভিগোর বিপক্ষে মেসির নেওয়া অন্যরকম এক পেনাল্টি নিয়েও।
“আপনি এভাবে পেনাল্টি নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আসলে গোল করা। এটা সেল্তার প্রতি শ্রদ্ধার অভাব নয়।”
