বায়ার্নেই থেকে যাওয়ার কথা ভাবছেন লেভানদোভস্কি
বেশ কয়েকটি ক্লাব রবের্ত লেভানদোভস্কিকে পেতে চাইলেও তারকা এই ফরোয়ার্ড বায়ার্ন মিউনিখের সঙ্গে নতুন চুক্তি করতে চান।
২০১৪ সালে ‘ফ্রি ট্রান্সফার’-এ বরুসিয়া ডর্টমুন্ড থেকে লেভানদোভস্কিকে ৫ বছরের চুক্তিতে দলে টানে বায়ার্ন মিউনিখ। কিন্তু সম্প্রতি রিয়াল মাদ্রিদ, পিএসজি এবং ইংলিশ প্রিমিয়ার লিগের কিছু ক্লাব ২৭ বছর বয়সী পোল্যান্ডের এই ফরোয়ার্ডকে পেতে আগ্রহ দেখায়।
এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩০ ম্যাচে ৩১ গোল করা লেভানদোভস্কি জানান, বায়ার্ন ছাড়ার সুযোগ থাকলেও এই ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করার সম্ভাবনাও বাতিল করে দিচ্ছেন না তিনি।
“আমি জানি, বাইরের ক্লাবগুলোর আগ্রহ আছে। কিন্তু বায়ার্ন দারুণ আর সহযোগিতাপূর্ণ একটি দল বলে আমি খুব ভালোভাবেই এখানে (বায়ার্ন মিউনিখ) নতুন চুক্তি করার কথা ভাবতে পারছি। ভালো পারফরম্যান্সকে সম্মান জানানোর জন্য পরিচিতি আছে ক্লাবটির।”
ক্রীড়া বিষয়ক জার্মান সাপ্তাহিক স্পোর্ট বিল্ডকে লেভানদোভস্কি বলেন, “ক্লাবটি কিভাবে ভবিষ্যতের জন্য তৈরি হয়েছে তা আমি বুঝতে পেরেছি। ইংল্যান্ডের অর্থ থাকা সত্ত্বেও এফসি বায়ার্ন যে তার তারকা খেলোয়াড়দের ধরে রাখতে পারে; এর ভালো লক্ষণ হচ্ছে (জেরোম) বোয়াটেং আর (টমাস) মুলারের সঙ্গে নতুন চুক্তি করা।”
