২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের ক্লাবে এবার আর্জেন্টিনার লাভেস্সি

পিএসজি থেকে আর্জেন্টিনার ফরোয়ার্ড এসেকিয়েল লাভেস্সিকে দলে ভিড়িয়েছে হেবেই চায়না ফরচুন। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2016, 06:41 PM

Updated : 12 Apr 2022, 01:27 AM

৩০ বছর বয়সী লাভেস্সির সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ ২০১৫-১৬ মৌসুমের শেষ পর্যন্ত ছিল। 
 
নাপোলি থেকে ২০১২ সালে পিএসজিতে নাম লেখান লাভেস্সি। ক্লাবটির হয়ে ফরাসি লিগ ওয়ানে একশর বেশি ম্যাচ খেলা আর্জেন্টিনার ফরোয়ার্ড তিনটি লিগ শিরোপা জেতেন।

২০০৭ সালে নাপোলিতে নাম লেখানোর আগে আর্জেন্টিনার ক্লাব এস্তুদিয়ান্তেস ও সান লরেন্সোতে খেলেন লাভেস্সি।
 
চীনের ক্লাব হেবেইতে এর আগে ব্রাজিলের জের্ভিনিয়ো, ক্যামেরুনের স্তেফানে এমবিয়া ও ফ্রান্সের গায়েল কাকুতা যোগ দেন। এ ছাড়া চীনের সুপার লিগের ক্লাব জিয়াংসু সুনিংয়ে নাম লেখান ব্রাজিলের রামিরেস ও আলেক্স তেইসেইরা। 
 
আতলেতিকো মাদ্রিদ থেকে কলম্বিয়ার স্ট্রাইকার জাকসন মার্তিনেস নাম লেখান গুয়াংজো এভারগ্রান্দেতে।