২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধ করেই সোনার হাসি মাহফুজার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রী মাহফুজা খাতুন শীলা চাকরি করেন বাংলাদেশ নৌবাহিনীতে। সংসারের জোয়ালটাও তার কাঁধে। তবে পানিতে নামলে তিনি স্রেফ সাঁতারু, প্রতিবন্ধকতার সব শেকল ভেঙে যুদ্ধজয়ী সোনার মেয়ে।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 11:22 PM

Updated : 11 Oct 2022, 07:47 PM

এসএ গেমসের দ্বাদশ আসরে বাংলাদেশের পাওয়া চারটি সোনার পদকের দুটিই এসেছে মাহফুজার হাত ধরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জার্নালিজম অ্যাসোসিয়েশন মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ১০০ মিটার ও ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জেতা শীলাকে সংবর্ধনা দিয়েছে।

আনন্দ-উৎসবের ফাঁকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ভারতের আসরের অর্জনের অনুভূতিটা জানালেন শীলা। প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘোষণা নিয়ে প্রকাশ করলেন উচ্ছ্বাস। ফেডারেশনের কিছু কর্মকর্তার বিরূপ মনোভাব, সংসারের কঠিন বাস্তবতার কথাও মনে করিয়ে দিলেন ২৫ বছর বয়সী এই সাঁতারু।

পরিস্থিতির কারণে এসএ গেমসে এবার আপনার লড়াইটা ছিল নিজের সঙ্গে। সে লড়াইয়ে জিততে পেরে কেমন লাগছে?

মাহফুজা: নিজের মধ্যে বিশ্বাস ছিল-আমি পারব এবং সে বিশ্বাস নিয়ে পানিতে নেমেছিলাম। সোনার পদক পেলে খুবই ভালো লাগে। এ অনুভূতি আসলে বলে বোঝাতে পারব না। এ অনুভূতিগুলো আসলে বলা যায় না। এটা অন্যরকম অনুভূতি। এ আনন্দ আসলে অন্যরকম; প্রকাশ করা যায় না।

১০০ মিটার ও ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জয়ের আত্মবিশ্বাস, প্রস্তুতি ছিল কি?

মাহফুজা: যেহেতু ২০১৪ সালে ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে রেকর্ড গড়েছিলাম (জাতীয় পর্যায়ে ৩৪.৮৫ সেকেন্ড), সেহেতু লক্ষ্য ছিল এসএ গেমসে ভালো কিছু করব। সেটা নিয়েই নৌবাহিনীতে অনুশীলন করেছি। শেষ তিন মাস অনুশীলন করেছি জাতীয় দলের সঙ্গে। বিদেশি যে কোচ এসেছিলেন (পার্ক দে গুন), তিনি আমাদের অনেক আধুনিক ট্রেনিং করিয়েছিলেন। সেটাই কাজে লাগছে।

ফেডারেশনের কাছে আপনি উপেক্ষিত ছিলেন শোনা যায়। থাইল্যান্ডে উন্নত প্রশিক্ষণের জন্যও আপনাকে পাঠানো হয়নি। এগুলো নিয়ে আপনিও গণমাধ্যমে কথা বলেছেন আগেও।

মাহফুজা: আসলে ফেডারেশনের সঙ্গে আমার কোনো কিছু নেই। ফেডারেশনের কিছু কর্মকর্তার সঙ্গে আমার একটু ঝামেলা ছিল। যারা আসলে প্রতিনিয়ত বিভিন্ন বিরূপ মন্তব্য করেছে আমাকে নিয়ে। এ কারণে নিজের মধ্যে একটা জেদও ছিল, আমার বিরুদ্ধে যে প্রচারণা চলছে, সেগুলো যে মিথ্যা, তা আমি প্রমাণ করে দেখাব।

কি ধরনের বিরূপ প্রচারণা?

মাহফুজা: কিছু কর্মকর্তা প্রতিনিয়ত বলতে থাকত, ওর বয়স হয়ে গেছে, মোটা হয়ে গেছে। তো এটাতে আমি বিরক্ত হতাম, কখনও মানসিকভাবে ভেঙে পড়তাম। তবে জেদ ছিল। ভাবতাম, আচ্ছা ঠিক আছে আমার বয়স হয়েছে; কিন্তু কিছু করে দেখাতে পারলে প্রমাণ হবে আমি ফুরিয়ে যায়নি এবং আমার মনে হয় আমি সেটা পেরেছি।

আমার ক্ষোভ ছিল ট্যালেন্ট হান্টের কোনো প্রোগ্রামে আমাকে রাখা হয়নি। থাইল্যান্ডের স্কলারশিপ দেওয়া হয়নি। বিশ্ব চ্যাম্পিয়নশিপেও অংশ নিতে দেওয়া হয়নি। সব কিছু মিলিয়ে মন খারাপ ছিল। যোগ্যতা থাকতেও কোনো কারণে আমাকে রাখা হয়নি।

এসব উপেক্ষার কারণেই কি এসএ গেমসের আগে গণমাধ্যমকে একটু এড়িয়ে চলতেন?

মাহফুজা: (হাসি) আসলে মিডিয়ার সঙ্গে কথা বলতে হলে তখন আমাকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হতো। যেহেতু আমি গত এসএ গেমসে দুটি রুপা পেয়েছি, সেহেতু আমাকে বলতে হতো এবার আমি কি করব? কি পরিকল্পনা? কি চাই? তাই আমি বিষয়গুলোকে একটু এড়িয়ে যেতে চেয়েছিলাম।

এসএ গেমসের আগে সাঁতারুদের নিয়ে আশার কথা শোনা গেছে খুব কমই। আপনাকে নিয়ে আরও কম। কিন্তু আপনিই দেশের প্রথম মহিলা সাঁতারু হিসেবে এসএ গেমসে সোনা জয়ের কীর্তি গড়লেন। এতটা ভেবেছিলেন?

মাহফুজা: ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের সোনার পদক পাওয়া নিয়ে সত্যি বলতে দ্বিধায় ছিলাম। কেননা, ওই ইভেন্টে আমরা যারা খেলেছি, তারা সবাই সমানে সমান। দ্বিতীয়টাতে (৫০ মিটার ব্রেস্টস্ট্রোক) সোনা পেয়েছি, ওটায় বাংলাদেশে থাকতেই টাইমিংটা ভালো ছিল। আশা করেছিলাম ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকেই কিছু একটা করব। তবে প্রথম সোনা জেতায় আমরা সবাই বেশি মজা পেয়েছি। কেননা, আমরা সবাই, এমনকি বাকি দেশগুলোও নিশ্চিত ছিল ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকের সেরা আমিই হব।

এই প্রাপ্তির পেছনে নিজের প্রচেষ্টার বাইরে আর কার অবদানকে সবচেয়ে এগিয়ে রাখবেন?

মাহফুজা: শেষ তিন মাস ভালোভাবে অনুশীলন করেছিলাম। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল; সব মিলিয়ে আমি চিন্তা করেছিলাম হয়ত ভালো কিছু পাব; কিন্তু সোনা পাব এমনটা ভাবিনি। কিন্তু যখন পার্ক দে গুন আসলেন, তখন তিনি আমাকে দেখে বললেন-শীলা শুধু তোমাকে দিয়েই কিছু একটা করা সম্ভব। তো তুমি চেষ্টা করে দেখতে পারো। এরপর কোচ যা যা বলেছেন, সে অনুযায়ী অনুশীলন করেছি।

সাফল্য এনে দেওয়ার পুরস্কারটাও তো পাচ্ছেন। প্রধানমন্ত্রী আপনাদের আবাসনের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

মাহফুজা: আসলে প্রধানমন্ত্রী যে আমাদের এমন একটা উপহার দেবেন, মেয়েদের দিকে এভাবে নজর দেবেন, আমরা কখনও ভাবিনি। যেহেতু আমাদের দেশে ক্রিকেট নিয়ে অনেক মাতামাতি; সে তুলনায় সাঁতার বা অনান্য খেলা পিছিয়ে আছে। তো উনি যে আমাদের দিকে দৃষ্টি দিয়েছেন, সেজন্য তাকে অন্তরের অন্তস্তল ধন্যবাদ জানাচ্ছি। তাকে আসলে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারব না।

আমি-মাবিয়া বিভিন্ন জেলা থেকে এসেছি। এভাবে ট্রেনিং করতে আসা কষ্টের। আমি কখনও চট্টগ্রাম, কখনও যশোর থেকে আসি। যদি আবাসনটা ঢাকার মধ্যে হয়, তাহলে আমাদের ভালো হবে। ঠিকমতো অনুশীলন করতে পারব।

সামনের পথ চলার পরিকল্পনাটা কি ভেবে রেখেছেন?

মাহফুজা: যেহেতু (মেয়েদের ক্ষেত্রে) সামাজিক প্রতিবন্ধকতা অনেক। আমরা পিছিয়ে আছি। সাঁতার নিয়ে পরবর্তী পরিকল্পনা হলো, যদি আমাকে সুযোগ দেওয়া হয়, তাহলে অলিম্পিকে অংশ নেব। পরের এসএ গেমস নেপালে, যদি ঠিকঠাক অনুশীলন করতে পারি, তাহলে ওই আসরেও ভালো করব।

আর এর বাইরের পরিকল্পনা নিয়ে আপাতত ভাবছি, যেহেতু প্রধানমন্ত্রী আমাদের দ্বায়িত্ব নিয়েছেন, আশা করি তিনি আমাদের ভালো কিছুই দিবেন। আশা করি নৌবাহিনীর চাকরিটাও স্থায়ী হয়ে যাবে।

এসএ গেমসের এবারের প্রেক্ষাপটে আমাদের সাঁতার কোন অবস্থায় আছে বলে মনে হয়েছে? আর সাঁতারের উন্নতির জন্য কি কি চাওয়া আপনার?

মাহফুজা: ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তানের পরে আছি আমরা। এই তিনটা দেশের সাঁতারুরা নিয়মিত দেশে এবং দেশের বাইরে অনুশীলন করে। আমরা শুধু দেশে করি; তাও অনিয়মিত হয়ে যায় অনেক সময়। সবসময় বিদেশি কোচও পাই না। যদি দুই বছর ধরে বিদেশি কোচের অধীনে অনুশীলন করা যায়, তাহলে পরের এসএ গেমসে এক দুইজনের দিকে আমাদের তাকিয়ে থাকা লাগবে না; পুরো দলই ভালো ফল করবে।

আর সাঁতারের উন্নতির জন্য বলব, যার যেটা প্রাপ্য তাকে সেটা দিলে সাঁতারের আরও উন্নতি হতো। আমরা অনেক পিছিয়ে গিয়েছিলাম। অলিম্পিক (বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন) থেকে আমরা অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলাম। এশিয়ান গেমসে আমাদের পাঠানো হয়নি। যদি ভালো খেলোয়াড়দের মূল্যায়ন করা হয়, আমার আশা আরও ভালো হবে। এবার আমরা দুইটা গোল্ড পেয়েছি, পরের এসএ গেমসে এর পরিমাণ আরও বাড়বে।

একটু ভিন্ন প্রসঙ্গে আসি। শুনেছি পদক বিক্রি করে বাবার চিকিৎসা করিয়েছিলেন।

মাহফুজা: হ্যাঁ। ২০০৮ সালে বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন। পাঁচ ভাই-বোনের মধ্যে আমি মেজো। তখন আমি পড়াশোনা করছি। পরিস্থিতির কারণেই সে সময় আম্মা তখন ওটা বিক্রি করেছিলেন। পরে তিনি আমাকে বলেছিলেন-মনে কিছু করো না। আমি তোমাকে ভালো একটা দিন এলে পূরণ করে দেব। সেটা ছিল আমার জীবনের প্রথম সোনার পদক। শিশু একাডেমির প্রতিযোগিতায় ক্লাস ফোরে পড়ার সময় পেয়েছিলাম। ওটা বিক্রি করে পাওয়া ১৫-১৬ হাজার টাকা দিয়ে আব্বার চিকিৎসা করা হয়েছিল।

সংসারের এই বাস্তবতা কি শীলাকে এতটা জেদি করেছে?

মাহফুজা: আসলে আর্থিক সংকট মানুষের জীবনে অনেক বড় ব্যপার। আমি অনেক লড়াই করে এখানে এসেছি। বিশ্ববিদ্যালয়ে পড়েছি। সাঁতার নিয়ে থেকেছি; অনুশীলনের জন্য চট্টগ্রাম-যশোর থেকে ঢাকায় এসেছি। আমি আসলে এক অর্থে যুদ্ধই করেছি। হয়ত সংকট ছিল বলেই আমি যুদ্ধটা করেছি।

যুদ্ধজয়ী হিসেবে মেয়েদের জন্য কি বার্তা দিতে চান আপনি?

মাহফুজা: কেউ যদি এমন কঠিন পরিস্থিতে থাকে, তাহলে হতাশ হওয়া বা ভেঙে পড়ার দরকার নেই। মানুষ যদি সাধনা করে, তার ফল ভালো হয়। আমি সাধনা করেছিলাম; বাধাগুলো শক্ত হাতে প্রতিহত করেছি এবং ভালো ফলও পেয়েছি।