মেসি-নেইমারদের ঈর্ষা এনরিকের
প্রতিযোগিতামূলক ফুটবলেও লিওনেল মেসি-নেইমারদের স্বাধীনভাবে খেলতে দেখে ‘ঈর্ষান্বিত’ লুইস এনরিকে।
গত রোববার লা লিগায় সেল্তা দি ভিগোর বিপক্ষে পেনাল্টি কিক নিতে গিয়ে আলতো করে বল বাড়ান মেসি। তা থেকেই হ্যাটট্রিক পূরণ করেন লুইস সুয়ারেস।
এভাবে গোল দেওয়াটা কারো মতে, প্রতিপক্ষের প্রতি অসম্মানজনক। এনরিকে অবশ্য বিতর্কে জড়াতে চাননি। ওই গোল প্রসঙ্গে তিনি বলেছিলেন, “শিরোপা জেতা ছাড়াও বার্সেলোনার খেলোয়াড়রা মজা পেতে চায় এবং সমর্থকদের বিনোদন দিতে চায়।”
শিষ্যদের এতটা স্বাধীনভাবে খেলতে দেখে একই সঙ্গে খুশি ও ঈর্ষান্বিত এনরিকে আরও বলেন, “তারা যেভাবে বেড়ে উঠেছে এবং এত বেশি বল দখলে রেখে খেলতে পারছে, তাতে তারা ভাগ্যবান। আমি যখন খেলতাম তখন এমন সুযোগ ছিল না।”
১৯৯১ থেকে ২০০২ সাল পর্যন্ত স্পেনের হয়ে খেলা সাবেক মিডফিল্ডার এনরিকে ক্লাব ফুটবলে স্পোর্তিং গিহন, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার হয়ে খেলেন।
