শিরোপা লড়াইয়ে আরেক ধাপ এগুনোর সুযোগ বার্সার
লা লিগার শিরোপা লড়াইয়ে বার্সেলোনার সামনে এবার বড় এক ধাপ এগুনোর সুযোগ। দুর্বল স্পোর্তিং গিহনের বিপক্ষে খেলতে যাচ্ছে দুর্দান্ত ফর্মে থাকা লুইস এনরিকের দল। হারের স্বাদ ভুলতে বসা কাতালান ক্লাবটি এ ম্যাচে জিতলে লিগের দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে যাবে।
আগামী বুধবার স্পোর্তিংয়ের মাঠে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি।
গত সপ্তাহে স্পেনের ক্লাবগুলোর মধ্যে টানা অপরাজিত থাকার নিজেদের রেকর্ডই ভাঙা বার্সেলোনার প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার ঘটনা আজকাল পরিচিত এক দৃশ্য হয়ে উঠেছে। সবশেষ গত রোববার নিজেদের মাঠে সেল্তা দি ভিগোকে পেয়ে গোল উৎসবে মেতে ওঠে দলটি, তুলে নেয় ৬-১ গোলের জয়।
এ মৌসুমে স্পেনের শীর্ষ লিগে ৫৩ গোল করেছে মেসি, সুয়ারেস ও নেইমারে গড়া এই বিশ্বসেরা আক্রমণভাগ। রিয়ালকে বাদ দিয়ে লিগের বাকি দলগুলোর করা মোট গোলের চেয়েও এটা বেশি।
এর মধ্যে প্রতিপক্ষের গোলমুখে সবচেয়ে উজ্জ্বল সুয়ারেস। শুধু গোল করেই নয়, সতীর্থদের গোলেও অবদান রেখে চলেছেন। সেল্তার বিপক্ষে নেইমার ও রাকিতিচের গোলেও যেমন সরাসরি অবদান ছিল এ মৌসুমে এখন পর্যন্ত ৩৯ গোল করা উরুগুয়ের এই স্ট্রাইকারের।
এনরিকের দলের এই দাপুটে চলার পথে লিগে ষষ্ঠদশ স্থানে থাকা স্পোর্তিং বড় কোনো বাধা হওয়ার কথাই নয়। তবে দলটির সাম্প্রতিক পারফরম্যান্স একেবারে খারাপ নয়; শেষ চার ম্যাচের দুটিতে জিতেছে ও ড্র করেছে তারা। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াইয়ে ঘরের মাঠে প্রিয় সমর্থকদের সামনে খেলার সুবিধাও পাবে ক্লাবটি।
তবে ২৩ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার বিপক্ষে স্পোর্তিং এক পয়েন্ট পেলেও সেটা হবে বড় অঘটন।
