২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাল কার্ড দেখানোয় রেফারিকে খুন করল ফুটবলার

আর্জেন্টিনায় একটি ফুটবল ম্যাচে ঘটেছে মর্মান্তিক ঘটনা। লাল কার্ড দেখানোয় এক খেলোয়াড় রেফারিকে গুলি করে খুন করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 04:07 PM

Updated : 12 Apr 2022, 01:26 AM

ঘাতক ওই তরুণ ফুটবলার এখনও পলাতক রয়েছেন। ২৫ বছর বয়সী এই খেলোয়াড়ের গুলিতে আরেক জন ফুটবলার আহত হন।

প্রতিপক্ষের এক জনকে ফাউল করায় ওই খেলোয়াড়কে লাল কার্ড দেখান রেফারি। পুলিশ জানায়, বহিষ্কৃত ওই খেলোয়াড় ব্যাগ থেকে অস্ত্র নিয়ে মাঠে দৌড়ে গিয়ে রেফারিকে পরপর তিনটি গুলি করেন, যা তার মাথায়, বুকে ও ঘাড়ে আঘাত করে। 

ভয়ঙ্কর ঘটনাটি ঘটে গত রোববার আর্জেন্টিনার করোদোবা শহরে।

৪৮ বছর বয়সী মৃত রেফারির নাম সিজার ফ্লোরেস। মারাত্মক আঘাত পাওয়া ওয়াল্টার সারাতে নামের ফুটবলারকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়, তবে এখন তিনি শঙ্কামুক্ত বলে জানানো হয়েছে। 

পুলিশের এক মুখপাত্র বলেন, “সব কিছুই ম্যাচ চলার সময় ঘটেছে। আমরা জানি না, কি হয়েছিল। কিন্তু ওই খেলোয়াড় ক্ষুব্ধ ছিল এবং অস্ত্র এনে রেফারিকে খুন করে।”