পিএসজিকে চেলসির ভয়
টানা তৃতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে মুখোমুখি হতে যাচ্ছে পিএসজি ও চেলসি। সেরা ষোলোর প্রথম পর্বের ম্যাচের আগে এডেন হ্যাজার্ড কোনো রাখঢাক না করেই জানিয়ে দিলেন, ফ্রান্সের দলটিকে এড়াতে চেয়েছিলেন তারা।
ড্রয়ে প্রতিপক্ষ হিসেবে পিএসজির নাম ওঠার পর চেলসির সবার নাকি ভাবনাটা ছিল এমন, "না, পিএসজি না, আবারাও তারা নয়।"
এ মৌসুমে যে দারুণ ছন্দে আছে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি তাতে তাদেরকে নিয়ে দলের সবার মধ্যে একটা ভয় কাজ করছে বলেও জানান হ্যাজার্ড।
ফ্রান্সের একটি দৈনিক পত্রিকাকে চেলসি ফরোয়ার্ড হ্যাজার্ড বলেন, "আমাদের স্বীকার করতে হবে যে, এ মৌসুমে পিএসজি ভয় পাওয়ার মতো দল। তারা তাদের সব ম্যাচ জিতেছে এবং সব পজিশনে তাদের অসাধারণ কিছু খেলোয়াড় আছে।"
জ্লাতান ইব্রাহিমোভিচ-আনহেল দি মারিয়াদের নিয়ে গড়া প্রতিপক্ষকে বিশ্বের সেরা দুই ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সঙ্গে তুলনা করেন হ্যাজার্ড।
ইউরোপীয় ফুটবলের সেরা এই প্রতিযোগিতার ২০১৩-১৪ আসরের কোয়ার্টার-ফাইনালে পিএসজিকে হারিয়েই শেষ চারে উঠেছিল চেলসি।
প্রায় এক বছর আগের ওই ম্যাচের স্মৃতি হাতড়ে বেলজিয়ামের মিডফিল্ডার হ্যাজার্ড বলেন, "গত মৌসুমের লড়াইয়ে স্মৃতি এখনও আমাদের মনে আছে। পরের ধাপে উঠতে সব কিছুই আমাদের পক্ষে ছিল, আমরা স্ট্যামফোর্ড ব্রিজে খেলছিলাম, পিএসজি ১০ জন নিয়ে খেলছিল। কিন্তু কর্নারে দুই গোল খেয়ে আমরা ছিটকে গেলাম।"
গতবারের মতো এবারও শেষ ষোলো রাউন্ডের প্রথম পর্বের ম্যাচটি হবে পিএসজির মাঠে। বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার রাত পৌনে দুইটায় শুরু হবে ম্যাচটি।
