২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারাদোনা-মেসির তুলনায় আপত্তি জানেত্তির

দিয়েগো মারাদোনা সেরা, নাকি লিওনেল মেসি; বছরের পর বছর ধরে অনেক ফুটবল ভক্তদের মনে জায়গা করে আছে প্রশ্নটি। তবে আর্জেন্টিনার সাবেক খেলোয়াড় হাভিয়ের জানেত্তি মনে করেন দুই তারকার তুলনার প্রয়োজন নেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2016, 06:04 PM

Updated : 12 Apr 2022, 01:23 AM

দুটি সেরি আ শিরোপা জেতা মারাদোনা ক্লাব ফুটবলে মেসির সাফল্যের ধারেকাছেও নেই। ১৯৮৬ সালে অধিনায়ক হিসেবে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান মারাদোনা। মেসি দেশের হয়ে এখনও বড় কোনো শিরোপা জয়ের আক্ষেপ মেটাতে পারেননি। 
 
বার্সেলোনার হয়ে সাতটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতেন পাঁচবারের বর্ষসেরা মেসি। কাতালুনিয়ার ক্লাবটির হয়ে ৫১০ ম্যাচ খেলে ৪৩৬ গোল করেন আর্জেন্টিনা অধিনায়ক।
 
খেলোয়াড়ি জীবনে আর্জেন্টিনা দলে মেসির সঙ্গে খেলেছেন জানেত্তি। ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার ফরোয়ার্ড মেসির বিপক্ষেও খেলেছেন তিনি। বর্তমানে ইতালির ক্লাব ইন্টার মিলানের সহ-সভাপতির দায়িত্বে থাকা জানেত্তি মনে করেন, নিজের প্রতিভার প্রমাণ দিতে মেসির বিশ্বকাপ জয়ের দরকার নেই। 
 
“এই দুইয়ের (মারাদোনা ও মেসি) মধ্যে তুলনার কারণ আমি বুঝি না। আমি মনে করি, দিয়েগো অনন্য ছিলেন। আর মেসি অনন্য বিষয়গুলো করছে। মেসি সম্পর্কে আর কি বলবো; একজন খেলোয়াড়, যে পাঁচ বারের বর্ষসেরা, চারটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে এবং এক বছরে ৯৭ গোল করেছে।”
 
“এই প্রতিভা প্রমাণের জন্য বিশ্বকাপ জেতার দরকার নেই। মেসি আর্জেন্টিনার দূত। একজন আর্জেন্টাইন হিসেবে আমিও তাকে নিয়ে গর্বিত,” যোগ করেন জানেত্তি।