২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুস্তিতে রূপা, ভারোত্তোলনে ব্রোঞ্জ

দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) এবারের আসরে এখনও সোনার পদক জেতেনি বাংলাদেশ। গেমসের দ্বিতীয় দিনে সেরা সাফল্য রূপার পদক এসেছে কুস্তিতে। সাঁতারুদের মতো ভারোত্তোলকরাও ব্রোঞ্জ পেয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2016, 08:31 PM

Updated : 12 Apr 2022, 01:22 AM

ভারতের গুয়াহাটির আরজি বরুয়া স্পোর্টস কমপ্লেক্সের ডিটিআরপি ইনডোর স্টেডিয়ামে শনিবার কুস্তিতে তিনটি পদক পায় বাংলাদেশ। মেয়েদের ৬০ কেজি ওজন শ্রেণিতে রূপা জেতেন রিনা আক্তার। ৫৫ কেজিতে সোমা চৌধুরী আর ৪৮ কেজিতে নদী চাকমা পেয়েছেন ব্রোঞ্জ।

একই দিন গুয়াহাটির ভোগেশ্বরী ফুকানানি ইনডোর স্টেডিয়ামে ভারোত্তোলন থেকে দুটি ব্রোঞ্জ পায় বাংলাদেশ।

পুরুষ বিভাগের ৬২ কেজি ওজন শ্রেণিতে ২২৫ কেজি তুলে তৃতীয় হন বাংলাদেশের মোস্তাইন বিল্লাহ। স্ন্যাচে ১০০ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১২৫ কেজি তোলেন এই ভারোত্তোলক। 

এই ইভেন্টে নেপালের রূপা জয়ী ভারোত্তোলক বিকাশ থাপা বিল্লাহর চেয়ে সব মিলিয়ে ১৭ কেজি বেশি ওঠান। আর ২৬৫ কেজি তুলে সোনা জিতেছেন শ্রীলঙ্কার অ্যান্তোন সুদেশ পেইরিস কুরুকুলা।

মেয়েদের ৪৮ কেজি ওজন শ্রেণিতে বোঞ্জ পেয়েছেন মোল্লা সাবিরা। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৪৩ কেজি তোলেন তিনি। এই ইভেন্টে ভারতের সাইখোম মিরাবাই চানু (১৬৯ কেজি) সোনা ও শ্রীলঙ্কার দিনুশা হানসানি গোমেজ (১৪৫ কেজি) রূপা জিতেছেন। 

মেয়েদের ৫৩ কেজি ওজন শ্রেণিতে হতাশ করেছেন জহুরা আক্তার রেশমা; সব মিলিয়ে ১২৮ কেজি তুলে পাঁচ জনের মধ্যে চতুর্থ হয়েছেন তিনি। ছেলেদের ৫৬ কেজি ওজন শ্রেণিতে ২০৩ কেজি তুলে চতুর্থ হয়েছেন মিজানুর রহমান।

একটি সোনা, ছয়টি রূপা আর ১৮টি ব্রোঞ্জ-এসএ গেমসের আগের ১১ আসরের ভারোত্তোলন থেকে বাংলাদেশের অর্জন। সোনার পদকটি গত আসরে নিজেদের মাটিতে ৭৭ কেজি ওজন শ্রেণিতে জিতেছিলেন হামিদুল ইসলাম।