এসএ গেমসে সাঁতারুদের চার ব্রোঞ্জের দিন
দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) সাঁতারে ১০ বছর ধরে চলা সোনার পদকের খরা এখনও কাটেনি। দ্বাদশ আসরের দ্বিতীয় দিনে সাঁতার থেকে বাংলাদেশের পাওয়া চারটি পদকই ব্রোঞ্জের।
এসএ গেমসের গত ১১ আসর মিলিয়ে বাংলাদেশের জেতা ৬৩টি সোনার পদকের মধ্যে ১৫টিই এসেছিল সাঁতার থেকে। ২০১০ সালের আসরে নিজেদের পুলে ৬টি রুপা ও ১০টি ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ সাঁতারুরা। এবার পুরুষ, মহিলা মিলিয়ে ৩৮টি সোনার লড়াই হচ্ছে।
গুয়াহাটির ড. জাকির হোসেন অ্যাকুয়াটিম কমপ্লেক্সে শনিবার পুরুষ বিভাগের ২০০ মিটার ফ্রি স্টাইল, ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক থেকে ব্রোঞ্জ পায় বাংলাদেশ। এছাড়া ১০০ মিটার ফ্রিস্টাইলের রিলেতে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।
২০০ মিটার ফ্রিস্টাইলে ১ মিনিট ৫৬.১৯ সেকেন্ডে সাঁতার শেষ করে ব্রোঞ্জ পান বৃত্তি নিয়ে থাইল্যান্ডে অনুশীলন করে আসা মাহফিজুর রহমান সাগর। এ ইভেন্টে শ্রীলঙ্কার ম্যাথু আবেয়েসিংহে (১ মিনিট ৫২.২৮ সেকেন্ড) সোনা ও স্বাগতিক ভারতের সৌরভ সাঙ্গভেকার (১ মিনিট ৫৩.০৩) রূপা জিতেছেন।
২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ব্রোঞ্জ পেয়েছেন বাংলাদেশের শরিফুল ইসলাম; ২ মিনিট ২৬.৯৯ সেকেন্ডে সাঁতার শেষ করেন তিনি। ২ মিনিট ২০.৬৬ সেকেন্ড সময় নিয়ে এ ইভেন্টের সেরা ভারতের সন্দ্বীপ সেজওয়াল। ২ মিনিট ২৬.১৭ সেকেন্ড সময় নিয়ে শ্রীলঙ্কার কিরণ জাসিংহে রূপা জিতেছেন।
মহিলাদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রূপার সম্ভাবনা জাগিয়েও পারেননি বাংলাদেশের রোমানা আক্তার; ২ মিনিট ৪৯.৬০ সেকেন্ডে সাঁতার শেষ করে ব্রোঞ্জ পান তিনি। এই ইভেন্টে রূপা জয়ী শ্রীলঙ্কার হাসান্থি নুগাওলা সাঁতার শেষ করেন ২ মিনিট ৪৯.১৭ সেকেন্ডে। পাকিস্তানের লিয়ানা ক্যাথেরিন সোয়ান (২ মিনিট ৪৮.৮৫) সোনা জেতেন।
একশ’ মিটার রিলেতে ছয় দলের মধ্যে ষষ্ঠ হয়েছে বাংলাদেশের মেয়েরা। তবে ছেলেদের ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে রফিকুল ইসলাম, মাহফিজুর রহমান, অনিক ইসলাম ও আসিফ রেজা ৩ মিনিট ৩৯.৭২ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন।
১০০ মিটার বাটারফ্লাই থেকে খালি হাতে ফিরেছে বাংলাদেশ। মহিলাদের বিভাগে আট প্রতিযোগীর মধ্যে সোনিয়া আক্তার (১ মিনিট ০৯.৮৮) চতুর্থ এবং পাপিয়া খাতুন (১ মিনিট ১৬.১৭) অষ্টম হয়েছেন। পুরুষ বিভাগে মাহমুদুন নবী নাহিদ চতুর্থ হয়েছেন।
এসএ গেমসের দ্বিতীয় দিন শেষে সব মিলিয়ে বাংলাদেশ একটি রূপা ও আটটি ব্রোঞ্জ পেয়েছে।
