আরও পিছিয়ে পড়েছেন সিদ্দিকুর
হারানো ছন্দ এখনও খুঁজে পাননি সিদ্দিকুর রহমান। ২০১৬ সালে নিজের খেলা দ্বিতীয় এশিয়ান ট্যুর মায়ানমার ওপেনেও ধুঁকছেন বাংলাদেশের এই গলফার।
শুক্রবার দ্বিতীয় রাউন্ডে দুটি বার্ডি ও একটি বোগি করেন সিদ্দিকুর। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে চার শট কম খেলা এই গলফার ১৫ জনের সঙ্গে যৌথভাবে ৫২তম স্থানে রয়েছেন।
প্রথম রাউন্ডে পারের চেয়ে তিন শট কম খেলে যৌথভাবে ২৮তম স্থানে ছিলেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।
পারের চেয়ে ১২ শট কম খেলে দক্ষিণ আফ্রিকার শন নরিস ও ভারতের এস.এস.পি চৌরাশিয়া যৌথভাবে শীর্ষে রয়েছেন।
সিঙ্গাপুর ওপেন দিয়ে ২০১৬ সাল শুরু করেন সিদ্দিকুর। কাট-এর নিচে থেকে দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে পড়েন তিনি।
