পিএসজির রেকর্ড গড়া জয়
লরিয়ঁকে হারিয়ে ফরাসি লিগ ওয়ানে টানা অপরাজিত থাকার রেকর্ড গড়েছে পিএসজি।
নিজেদের মাঠে গত বুধবার ৩-১ গোলে জেতে লরাঁ ব্লাঁর দল।
এই নিয়ে ফরাসি লিগ ওয়ানে টানা ৩৩ ম্যাচ অপরাজিত রইল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে এর আগে সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটি ছিল নতেঁর। ১৯৯৪-৯৫ মৌসুমে টানা ৩২ ম্যাচ অপরাজিত ছিল তারা।
চলতি মৌসুমে ২৪ ম্যাচ শেষে ৬৬ পয়েন্ট নিয়ে শিরোপা ধরে রাখার পথে আছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা মোনাকোর চেয়ে ২৪ পয়েন্ট এগিয়ে আছে তারা।
উরুগুয়ের ফরোয়ার্ড এদিনসন কাভানির গোলে ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। ঊনবিংশ মিনিটে গোলটি শোধ দেয় লরিয়ঁ।
৫৫তম মিনিটে জ্লাতান ইব্রাহিমোভিচের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। চলতি মৌসুমে লিগে সুইডিশ এই ফরোয়ার্ডের এটি ২০তম গোল; এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা তিনিই।
৬৯তম মিনিটে পিএসজির জয় নিশ্চিত করা গোলটি করেন লেভিন কুজাওয়া।
