ইব্রাহিমোভিচের জোড়া গোলে শিরোপার পথে পিএসজি
ঘরোয়া লিগে এখন পর্যন্ত কোনো ম্যাচ না হারা পিএসজি মৌসুম শেষের অনেক আগেই শিরোপা জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেছে। তারকা স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের নৈপুণ্যে এবার তারা সাতে ইচেনাকে হারিয়েছে।
প্রতিপক্ষের মাঠে রোববার রাতে গোলশূন্য প্রথমার্ধের পর ৬১তম মিনিটে দলকে এগিয়ে দেন ইব্রাহিমোভিচ। পরে যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করেন সুইডেনের এই তারকা।
এবারের ফরাসি লিগে এখন পর্যন্ত ১৮ ম্যাচ খেলে সর্বোচ্চ ১৯ গোল করেছেন ইব্রাহিমোভিচ।
এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা মোনাকোর চেয়ে ২৪ পয়েন্টে এগিয়ে গিয়ে পিএসজি তাদের শীর্ষস্থান মজবুত করেছে।
২৩ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির পয়েন্ট ৬৩, মোনাকোর পয়েন্ট ৩৯।
