২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারকে হারিয়ে মিলানের মধুর প্রতিশোধ

ইন্টার মিলানের কাছে লিগের প্রথম পর্বে হারের মধুর প্রতিশোধ নিয়েছে এসি মিলান। দ্বিতীয় পর্বে তারা ৩-০ গোলে হারিয়েছে নগর প্রতিদ্বন্দ্বীদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 03:24 PM

Updated : 11 Oct 2022, 07:42 PM

মিলানের বিপক্ষে গত সেপ্টেম্বরে প্রথম পর্বের ম্যাচে ১-০ গোলে জিতেছিল ইন্টার।

সান সিরোয় রোববার রাতে ব্রাজিলের ডিফেন্ডার আলেক্সের গোলে ৩৫তম মিনিটে এগিয়ে যায় মিলান। দ্বিতীয়ার্ধের শুরুতেই আরেকটি ধাক্কা খায় ইন্টার; একটি পেনাল্টির আবেদনে রেফারি সাড়া না দিলে চতুর্থ রেফারির সঙ্গে তর্ক জুড়ে দিয়ে বহিষ্কৃত জন ইন্টারের কোচ রবের্তো মানচিনি।

৭০তম মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরার সহজ সুযোগ নষ্ট করেন আর্জেন্টিনার স্ট্রাইকার মাউরো ইকার্দি।

এর খানিক বাদেই ব্যবধান দ্বিগুণ করেন কলম্বিয়ার ফরোয়ার্ড কার্লোস বাক্কা। আর ৭৭তম মিনিটে ফরাসি ফরোয়ার্ড মা'বায়ে নিয়াংয়ের লক্ষ্যভেদে জয় নিশ্চিত হয়ে যায় মিলানের।

এই জয়ে ২২ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ইতালির শীর্ষ লিগ সেরি আয় ষষ্ঠ স্থানে উঠে এসেছে এসি মিলান। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ইন্টার।

শীর্ষে থাকা নাপোলির পয়েন্ট ৫০। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ইউভেন্তুস। তৃতীয় স্থানে থাকা ফিওরেন্তিনার পয়েন্ট ৪২।