অস্কারের হ্যাটট্রিকে চেলসির বিশাল জয়
এফএ কাপের শেষ ষোলোতে উঠেছে চেলসি। ব্রাজিলের তারকা মিডফিল্ডার অস্কারের দারুণ এক হ্যাটট্রিকে ইংলিশ ফুটবলের দ্বিতীয় সারির দল এমকে ডনসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি।
প্রতিপক্ষের মাঠে রোববার চতুর্থ রাউন্ডের ম্যাচে পঞ্চদশ মিনিটেই দিয়েগো কস্তার বাড়ানো বল ধরে চেলসিকে এগিয়ে দেন অস্কার। ছয় মিনিট বাদেই অবশ্য গোলটি শোধ করে দেন ইংলিশ মিডফিল্ডার মাইকেল পটার।
এরপর ১২ মিনিটের ব্যবধানে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলের জয়ও প্রায় নিশ্চিত করে ফেলেন অস্কার।
৬২তম মিনিটে হ্যাজার্ডের ক্রস থেকে বুরকিনা ফাসোর তরুণ মিডফিল্ডার বেরত্রান্দ ত্রাওরে বল জালে জড়ালে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে গাস হিডিংকের দল।
ইংলিশ ফুটবলে প্রিমিয়ার লিগের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতায় দিনের অন্য ম্যাচে কারলাইল ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েছে এভারটন।
পঞ্চম রাউন্ডে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ঘরের মাঠে খেলবে সাতবার এ প্রতিযোগিতার শিরোপা জেতা চেলসি।
