সীমান্ত-সাথী-হামিদুলকে ঘিরে ভারোত্তোলনের সোনার স্বপ্ন
প্রচেষ্টার সঙ্গে ভাগ্যের একটু ছোঁয়া যোগ হলেই ভারোত্তোলনে গতবারের প্রাপ্তিতে ছাপিয়ে যাওয়ার সম্ভব। দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) দ্বাদশ আসর নিয়ে এমনটাই ভাবনা ভারোত্তোলকদের। এ ভাবনা দেখাচ্ছে একাধিক সোনার পদক পাওয়ার স্বপ্নও।
আগামী ৫ ফেব্রুয়ারি ভারতের গুয়াহাটি-শিলংয়ে শুরু হতে যাওয়া এসএ গেমস সামনে রেখে বনানীর আর্মি স্টেডিয়ামে চলছে হামিদুল-সীমান্ত-সাথীদের অনুশীলন। ক্যাম্পে থাকা আট পুরুষ ছেলে ও সাত নারী প্রতিযোগী ভারোত্তোলক এসএ গেমসের মোট ১৫টি ইভেন্টে পদকের লড়াইয়ে নামবেন এবার।
বাংলাদেশের মেয়েরা এবারই প্রথম এসএ গেমসের ভারোত্তোলনে পদকের লড়াইয়ে নামবে। এ নিয়ে মোল্লা সাবিরা সুলতানার মতো অভিজ্ঞরা যেমন রোমাঞ্চিত; মাবিয়া আক্তার সীমান্ত, রোকেয়া সুলতানা সাথী, জহুরা আক্তার রেশমা, ফিরোজাদের উচ্ছ্বাসও অনেক।
একটি সোনা, ছয়টি রূপা আর ১৮টি ব্রোঞ্জ-এসএ গেমসের ভারোত্তোলন থেকে এ পর্যন্ত বাংলাদেশের অর্জন। সোনার পদকটি গত আসরে নিজের দেশে ৭৭ কেজি ওজন শ্রেণিতে জিতেছিলেন হামিদুল ইসলাম। এসএ গেমসে ২০০৪ সালে রূপা, ২০০৬ সালে ব্রোঞ্জ জেতা সেনাবাহিনীর এই ভারোত্তোলক দেশি কোচের অধীনে প্রস্তুতি নিয়ে অসন্তুষ্টির কথা জানালেও মুকুট ধরে রাখতে প্রত্যয়ী।
১৯ বারের জাতীয় চ্যাম্পিয়ন হামিদুল বলেন, “গতবার সোনা জিতেছিলাম। এবারও শারীরিক অবস্থা ভালো। প্রস্তুতির জন্য আরেকটু বেশি সময় পেলে ভালো হতো। তারপরও প্রস্তুতি মোটামুটি ভালো। আশা করি, গত আসরের সাফল্য ধরে রাখতে পারব।”
ভারোত্তোলকের ক্যারিয়ার শেষে কোচ হয়ে যাওয়া বিদ্যুৎ কুমার রায় অবশ্য ছেলেদের বিভাগ থেকে সোনা পাওয়ার আশা খুব একটা দেখছেন না। মেয়েদের নিয়েই বেশি আশাবাদী তিনি, “হামিদুলকে নিয়ে গোল্ডের আশা করছি না। তবে সে অভিজ্ঞ। অনেক সময় প্রতিযোগিতার মধ্যে অনেক কিছু নির্ধারিত হয়ে যায়; সেক্ষেত্রে সে-ও ভালো করতে পারে। তবে আমাদের যে মেয়েরা আছে, তাদের নিয়ে আমি খুব আশাবাদী।”
সাথী
সীমান্ত
“নিজের বর্তমান পারফরম্যান্স নিয়ে খুশি। পুনে ইয়ুথ কমনওয়েলথ গেমসের চেয়েও এখন পারফরম্যান্স ভালো। ওই আসরে সিনিয়রে যে গোল্ড পেয়েছিল, তার চেয়ে একটু পিছিয়ে আছি কিন্তু ভাগ্যকে একটু পাশে পেলে হয়ে যাবে। অনুশীলন একটু কঠিন হচ্ছে কিন্তু পদক পাওয়া নিয়ে কোনো চাপ নেই।”
সাবিরা
“প্রস্তুতি ভালো। জাতীয় পর্যায়ে সোনার পদক জিতেছি; কিন্তু বিদেশের মাটিতে গোল্ড জেতা হয়নি। আশা আছে দেশের জন্য কিছু করা। আশা করি, এসএ গেমসেই ভালো কিছু করতে পারব।”
টুর্নামেন্টের স্বাগতিক ভারতের প্রতিযোগীরা বাংলাদেশের মুল প্রতিদ্বন্দ্বী হতে পারে জানিয়ে সাথী আরও বলেন, “ওরাও তো আর পিছিয়ে নেই। কিন্তু আমাদেরও ভালো সুযোগ আছে। কেননা, এ মুহূর্তে আমাদের মেয়েরা নিয়মিত আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলছে; সাফল্যও পাচ্ছে। এটা আমরা ধরে রাখতে চাই।”
