টেনিসের সর্বোচ্চ লক্ষ্য রূপা
টেনিস এবার দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ গেমস) অন্তর্ভুক্ত হয়েছে দেরিতে। অমল-রঞ্জনদের প্রস্তুতিও তাই শুরু হয়েছে দেরিতে। তারপরও এবারের আসর থেকে পদক নিয়ে ফেরার আশা টেনিস খেলোয়াড়দের।
আগামী ৫ ফেব্রুয়ারি ভারতের গুয়াহাটি-শিলংয়ে শুরু হতে যাওয়া এসএ গেমসের টেনিসে এবার হবে পাঁচ সোনার লড়াই। ছেলে ও মেয়েদের একক, দ্বৈত আর মিশ্র দ্বৈত-এই পাঁচ ইভেন্টের মধ্যে পুরুষ দ্বৈতের রূপার পদকের দিকেই লক্ষ্য বাংলাদেশের।
ছেলেদের বিভাগে অমল রায়, রঞ্জন রাম ও আনোয়ার হোসেন আর মেয়েদের বিভাগে ঈশিতা আফরোজ, আফরানা ইসলাম প্রীতি ও সাফিনা শাহ লক্ষীকে নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে গত ১৭ নভেম্বর।
ঈশিতা-প্রীতিদের নিয়ে যে একেবারে আশা নেই তা নয়, তবে মেয়েদের চেয়ে ছেলেদের নিয়ে, বিশেষ করে অমল-রঞ্জনকে নিয়ে পদকের আশা বেশি বাংলাদেশের।
দক্ষিণ এশিয়ার দেশগুলো বাংলাদেশের চেয়ে ঢের এগিয়েছে। অন্যদিকে ঘরোয়া টুর্নামেন্ট নিয়মিত না হওয়ায় অমল-রঞ্জনরা দিনকে দিন পিছিয়েছেন। এর সঙ্গে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় এসএ গেমস থেকে বড় কিছু পাওয়ার স্বপ্ন দেখতে পারছেন না অমলরা। সর্বোচ্চ রূপা পর্যন্তই যাচ্ছে স্বপ্নের পরিধি।
২০০৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত ঘরোয়া টেনিসের এককের টানা চ্যাম্পিয়ন অমল তাই বললেন, “মাত্র আড়াই মাস ধরে প্রস্তুতি নিচ্ছি। প্রস্তুতি আরও আগে শুরু করতে পারলে ভালো হতো। যে প্রস্তুতি তাতে আমাদের পক্ষে সোনার পদকের নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়; তবে রূপা পাওয়ার লক্ষ্যটা আছে।”
এসএ গেমসের টেনিসে বাংলাদেশের একমাত্র পাওয়া ১৯৯৫ সালে ভারতের টুর্নামেন্টে পুরুষ দ্বৈতের ব্রোঞ্জ। অমলের বিশ্বাস রঞ্জনকে সঙ্গে করে দুই দশক আগের সাফল্যকে ছাপিয়ে যাওয়া সম্ভব, “রূপা জয়ের চাওয়া দ্বৈত ইভেন্ট থেকে। আমি-রঞ্জন দা আছি; রূপার আশা করতেই পারি আমরা।”
কোচ রোকন উদ্দিন আহমেদ অবশ্য আরেকটু বড় স্বপ্ন দেখছেন, “পুরুষ দ্বৈত ও মিশ্র দ্বৈত-এই দুই ইভেন্টের ফাইনালে খেলার ভালো সম্ভাবনা আছে আমাদের।”
