২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্ড মুলারের গোলের রেকর্ডে চোখ আউবামেংয়ের

বুন্দেসলিগায় এক মৌসুমে জার্ড মুলারের সর্বোচ্চ গোলের রেকর্ডটির দিকে চোখ বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে একের পর এক গোল করে চলা গ্যাবনের স্ট্রাইকার পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2016, 10:02 PM

Updated : 11 Oct 2022, 07:41 PM

বুন্দেসলিগায় গত শনিবার ইনগোলস্টাটের বিপক্ষে জোড়া গোল করে বরুসিয়াকে ২-০ ব্যবধানের জয় এনে দেন আউবামেয়াং। এই নিয়ে বুন্দেসলিগার চলতি মৌসুমে ২০ গোল হলো তার, এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতাও তিনিই। 
 
১৯৭১-৭২ মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে ৪০ গোল করেছিলেন মুলার। বুন্দেসলিগার এক মৌসুমে এত গোল এর পর আর কেউ করতে পারেনি। 
 
আউবামেয়াং ২০টি গোল করেন ১৯ ম্যাচ খেলে। ৩৪ ম্যাচের লিগে রেকর্ড ছুঁতে বা ভাঙতে আর ১৪ ম্যাচ পাবেন তিনি। 
 

আফ্রিকার বর্ষসেরা ফুটবলার ২৬ বছর বয়সী আউবামেয়াং বলেন, “আমার এখনও ২০ গোল করতে হবে, তাই না? অনেক গোল। কিন্তু ফুটবলে কী হতে পারে তা আপনি জানেন না।” এ মৌসুমে গোল করা নিয়ে বরুসিয়ার কোচের সঙ্গে বাজি ধরেছিলেন আউবামেয়াং। এত এত গোল করার পরও নাকি বাজি জয়ের শর্ত পূরণ করতে পারেনি তিনি।  “এটা সত্য যে, আমি গোল পেয়েছি। কিন্তু এখনও কোচের সঙ্গে বাজির শর্ত পূরণ করতে পারিনি। আপনাকে ধৈর্য ধরতে হবে।” বুন্দেসলিগায় সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে আউবামেয়াংয়ের পরেই আছেন বায়ার্নের রবের্ত লেভানদোভস্কি, ১৭ গোল পোল্যান্ডের এই ফরোয়ার্ডের।  এসব নিয়ে অবশ্য ভাবেন না আউবামেয়াং।  “লেভানদোভস্কি আমার আগে না পরে তাতে আমার একদমই আগ্রহ নেই। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি দলের জন্য গোল করি আর আমরা জিতি।”