২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপা লড়াইয়ে এগিয়ে গিয়েও সতর্ক বার্সা

আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে শিরোপা লড়াইয়ে এগিয়ে যাওয়ার পরও সতর্ক বার্সেলোনা। কাতালুনিয়ার ক্লাবটির কোচ লুইস এনরিকে বলেছেন, শিরোপা জিততে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে তাদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2016, 10:01 PM

Updated : 11 Oct 2022, 07:41 PM

স্পেনের লা লিগায় গত শনিবার শিরোপা লড়াইয়ে গায়ে লেগে থাকা আতলেতিকোকে নিজেদের মাঠে ২-১ গোলে হারায় বার্সেলোনা। এই জয়ের পর ২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লুইস এনরিকের দল। এক ম্যাচ বেশি খেলে ৪৮ পয়েন্ট নিয়ে আতলেতিকো আছে দ্বিতীয় স্থানে।
 
ম্যাচ শেষে এনরিকে বলেন, “সত্যি যে, এটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। কিন্তু শিরোপা লড়াইয়ে এখনও লম্বা পথ পাড়ি দিতে হবে। সব দলেই তাদের নিজস্ব সমস্যা আছে।”
 
গত কয়েকটি ম্যাচের মতো আতলেতিকোর বিপক্ষেও প্রথমার্ধে প্রত্যাশা অনুযায়ী ভালো খেলতে পারেনি বার্সেলোনা। এ নিয়ে ম্যাচ শেষে আক্ষেপ করেন এনরিকে।
 

“শুরুতে ম্যাচটি অদ্ভুত ছিল। আমাদের ম্যাচে ঢোকাটা কঠিন হয়ে পড়ে। ম্যাচের ফল যখন অনিশ্চিত ছিল, তখনও আমরা নিজেদের সেরা রূপে ছিলাম না।” ম্যাচটি কঠিন ছিল বলে স্বীকার করে নেন বার্সেলোনার গোলরক্ষক ক্লাওদিও ব্রাভো। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারায় খুশি তিনি।  “তিন পয়েন্ট পেয়ে খুশি আমরা। লা লিগার শিরোপার জন্য যে দলটির সঙ্গে আমরা লড়ছি, তাদের বিপক্ষে এটা প্রয়োজন ছিল।” তবে কোচের সঙ্গে কণ্ঠ মিলিয়ে ব্রাভোও বলেন, “সব ধরনের প্রতিযোগিতায়ই আমরা ভালো অবস্থায় আছি। কিন্তু এখনও অনেক পথ যাওয়া বাকি।” বার্সেলোনার ডিফেন্ডার হাভিয়ের মাসচেরানো বলেন, “ফল নিয়ে খুশি আমরা। এটা কঠিন ম্যাচ ছিল, আতলেতিকোর বিপক্ষে যেটা সব সময়ই হয়।”